৮ বছরের একতরফা প্রেম! বিয়ের আগেই অন্তঃসত্ত্বা নেহা, অঙ্গদ বেদীর প্রেমকাহিনি যেন সিনেমার চিত্রনাট্য

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী। কিন্তু তাঁদের এই সুখী দাম্পত্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ ৮ বছরের লড়াই। সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে এসে নিজেদের প্রেমকাহিনি নিয়ে একাধিক গোপন তথ্য ফাঁস করলেন এই দম্পতি। অঙ্গদ জানান, নেহার মন পেতে তাঁকে দীর্ঘ ৮ বছর অপেক্ষা করতে হয়েছিল।

অঙ্গদ বেদীর কথায়, “আমি টানা ৮ বছর নেহার পেছনে ঘুরেছি। ও তখন নিজের ক্যারিয়ার নিয়ে অসম্ভব ব্যস্ত ছিল, তাই বারবার চেষ্টা করেও আমি সফল হইনি।” প্রথম দেখার স্মৃতি রোমন্থন করতে গিয়ে অঙ্গদ বলেন, “আমি ওকে প্রথমবার জিমেই দেখি। ও তখন ট্রেডমিলে দৌড়াচ্ছিল। পেছন থেকে ওর দৌড়ানোর ভঙ্গি দেখেই আমি প্রেমে পড়ে যাই।” যদিও নেহার ফোকাস তখন ছিল কেবল কাজ আর শরীরচর্চায়।

সম্পর্কের মোড় ঘুরাতে অভিনব কৌশল নিয়েছিলেন অঙ্গদ। নেহার কাছাকাছি আসতে তাঁর সঙ্গে একটি সিনেমাতেও কাজ করেন তিনি। মজার ছলে অঙ্গদ জানান, নেহা তাঁকে সিনেমার গল্পও বলেনি, শুধু ডেকেছিল আর তিনি পৌঁছে গিয়েছিলেন। সেটে নেহার মায়ের সঙ্গেও সখ্যতা গড়ে তোলেন তিনি। তবে তাঁদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি পায় এক আকস্মিক ঘটনার মাধ্যমে। নেহা জানান, বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। নেহার কথায়, “ভগবানের অশেষ কৃপা যে আমরা প্রেগন্যান্ট হয়েছিলাম। সেটাই আমাদের প্রেমকাহিনিকে পূর্ণতা দেয়। আমরা বুঝলাম যা খুঁজছিলাম তা আমাদের কাছেই আছে, তাই দেরি না করে বিয়ের সিদ্ধান্ত নিই।” ২০১৮ সালের মে মাসে অত্যন্ত গোপনীয়তার সাথে তাঁরা বিয়ে সারেন এবং নভেম্বরে জন্ম হয় কন্যা মেহেরের। বর্তমানে দুই সন্তান মেহের ও গুরিককে নিয়ে তাঁদের সুখী গৃহকোণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy