তৃণমূলের ভরাডুবি ফলতায়! সিপিএমের উত্থান, বিপুল ভোটে জিতলেন বিজেপির দেবাংশু

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিপুল ভোটে এই কেন্দ্রে জয়লাভ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী দেবাংশু পান্ডা। অন্যদিকে, নির্বাচনের আগে ‘ঝুঁকেগা নহি’ হুঙ্কার দেওয়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান—যিনি এলাকায় ‘পুষ্পা’ নামে পরিচিত—শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছেন।

কী বলছে নির্বাচনের ফলাফল? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২২ রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মিকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী মোট ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬টি ভোট পেয়েছেন। সেখানে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি পেয়েছেন ৪০ হাজার ৬৪৫টি ভোট। নির্বাচনের প্রচারে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের জনপ্রিয়তা নিয়ে প্রচুর জল্পনা থাকলেও, চূড়ান্ত ফলে তিনি মাত্র ৭৭৮৩টি ভোট পেয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।

তৃণমূলের বড় ধাক্কা: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলতার মতো কেন্দ্রে তৃণমূল প্রার্থীর এই ভরাডুবি রাজ্য রাজনীতির সমীকরণে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের শেষলগ্নে তৃণমূল প্রার্থী প্রচার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি দ্বিতীয় স্থানে উঠে আসায় এটি স্পষ্ট যে, এই কেন্দ্রে বিরোধী ভোটের বিন্যাসে বড় রকমের পরিবর্তন এসেছে, যা আগামী দিনের ভোটের লড়াইয়ে নতুন রসদ জোগাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy