তৃণমূলের অন্দরেই ‘জুলিয়াস সিজার’ আতঙ্ক! দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক পোস্ট সুখেন্দুশেখর রায়ের

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের অন্দরে বিদ্রোহের আগুন যেন আরও দাউদাউ করে জ্বলছে। এই চরম ডামাডোলের মাঝে এবার তৃণমূলের বর্ষীয়ান রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি রোমান সম্রাট জুলিয়াস সিজারের গুপ্তহত্যার ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে বাংলায় তৃণমূল জমানার পতনকে ‘নৈরাজ্যকর পরিস্থিতির অবসান’ বলে কটাক্ষ করেছেন।

এক্স হ্যান্ডলে সুখেন্দুশেখর রায় লিখেছেন, “খ্রিস্টপূর্ব ৪৪ সালে মার্চের ‘আইডস’-এর দিন সেনেটের মধ্যে নিহত হয়েছিলেন জুলিয়াস সিজার। কিন্তু এ বছরের মে মাসের ১৫ তারিখের আগেই বাংলার মানুষ নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন।” এই পোস্টকে রাজনৈতিক মহল তৃণমূলের বিরুদ্ধে তাঁর ‘প্রকাশ্য বিদ্রোহ’ বলেই মনে করছে। অনেকের মতে, সিজারকে যেমন তাঁরই ঘনিষ্ঠরা বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল, সুখেন্দুশেখর ঠিক সেই বক্রোক্তিই করেছেন বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে।

নির্বাচনী বিপর্যয়ের পর থেকেই দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর কার্যপদ্ধতি নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ গোপন নেই। শৃঙ্খলারক্ষাকারী কমিটির রক্তচক্ষু উপেক্ষা করেও অনেক নেতা মুখ খুলছেন। সুখেন্দুশেখর রায়ের মতো দলের প্রবীণ ও জাতীয় স্তরের নেতার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শীর্ষ নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলেছে। দলীয় শৃঙ্খলার গণ্ডি পেরিয়ে সাংসদের এই ‘সিজার’ তত্ত্ব এখন রাজনৈতিক অলিন্দে বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে—তবে কি তৃণমূলের অন্দরেই শুরু হলো চূড়ান্ত ভাঙন?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy