টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় ধামাকা! ইংল্যান্ডকে টপকে তিনে টিম ইন্ডিয়া, সিংহাসন কি এখনও অজিদের দখলে?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) প্রকাশ করল তাদের বার্ষিক টেস্ট এবং একদিনের ক্রিকেটের ক্রমতালিকা। আর এই তালিকায় দেখা গেল এক নয়া সমীকরণ। ২০২৫ সালে খেলা সমস্ত ম্যাচের পারফরম্যান্স এবং গত দুই বছরের ফলাফলের ওপর ভিত্তি করে তৈরি এই তালিকায় বিশেষ নজর কেড়েছে ভারত। ইংল্যান্ডকে পেছনে ফেলে টেস্টের সিংহাসনের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল শুভমন গিলরা।

টেস্ট ক্রিকেটে আধিপত্য কার? আইসিসি-র প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ছেলেদের টেস্টে নিজেদের এক নম্বর স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ১৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন প্যাট কামিন্সরা। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৯ পয়েন্ট)। তবে সবথেকে বড় খবর হলো, একধাপ ওপরে উঠে তিন নম্বরে উঠে এসেছে ভারত। ১০৪ পয়েন্ট সংগ্রহ করে রোহিত-শুভমনদের দল এখন বিশ্বের তিন নম্বর টেস্ট দল। অন্যদিকে, ভারতকে জায়গা ছেড়ে দিতে গিয়ে একধাপ নিচে নেমে চার নম্বরে চলে গিয়েছে ইংল্যান্ড (১০২ পয়েন্ট)।

পাকিস্তানের উত্থান ও আয়ারল্যান্ডের বিদায়: তালিকায় লাভবান হয়েছে পাকিস্তানও। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮৯ পয়েন্ট নিয়ে উপরে উঠে এসেছে তারা। তবে হতাশাজনক খবর আয়ারল্যান্ডের জন্য। নির্ধারিত আটটি টেস্ট ম্যাচ না খেলায় প্রথম দশ থেকে ছিটকে গিয়েছে তারা। প্রথম দশে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবোয়ে।

মেয়েদের ওডিআই-তেও অজি দাপট: ছেলেদের মতোই মেয়েদের একদিনের ক্রিকেটেও একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে অস্ট্রেলিয়া। ১৬৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার শীর্ষে। ১২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড এবং ১২৬ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে তিন নম্বরে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তানকে টপকে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা।

গণনার পদ্ধতি: আইসিসি জানিয়েছে, ২০২৫ সালের সমস্ত ম্যাচের রেজাল্টের ১০০ শতাংশ এবং তার আগের দুই বছরের ফলাফলের ৫০ শতাংশ পয়েন্ট ধার্য করে এই বার্ষিক র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। ৩০ এপ্রিল ২০২৩-এর আগের কোনো সিরিজের পয়েন্ট এখানে ধরা হয়নি।

টি-টোয়েন্টি ক্রিকেটের র‍্যাঙ্কিং কবে প্রকাশিত হবে, তা নিয়েও ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। আইসিসি জানিয়েছে, আগামী ৫ মে ছেলেদের এবং মেয়েদের টি-টোয়েন্টি ক্রমতালিকা প্রকাশ করা হবে। বর্তমানে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ভারতের এই উত্থান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy