আধুনিক প্রযুক্তির দৌলতে যানবাহনের জগতে এক বিপ্লব ঘটিয়েছে ইলেকট্রিক ভেহিকল বা ইভি। পরিবেশবান্ধব এই গাড়িগুলো একদিকে যেমন দূষণ কমায়, তেমনই এর চোখধাঁধানো ডিজাইন নজর কাড়ে সবার। এই ডিজাইনের লড়াইয়ে ইলন মাস্কের সংস্থা ‘টেসলা’ প্রথম এনেছিল ‘হিডেন ডোর’ বা লুকোনো দরজার কনসেপ্ট। যেখানে আলাদা করে কোনো হ্যান্ডেল থাকে না, সেন্সর বা ডিভাইসের সাহায্যে গাড়ির বডির সঙ্গে মিশে থাকা দরজা খুলে যায়। পরে চিনের শাওমি-সহ একাধিক সংস্থাও এই নকশা অনুকরণ করতে শুরু করে।
কিন্তু যা দেখতে আধুনিক, তা কি আদতে নিরাপদ? এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞেরা দীর্ঘক্ষণ ধরেই সতর্ক করছিলেন যে, এই লুকোনো দরজাগুলো দুর্ঘটনার সময় মরণফাঁদ হয়ে উঠতে পারে। বিশেষ করে ইভি গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট (Power Failure) ঘটলে ইলেকট্রনিক পদ্ধতিতে কাজ করা এই দরজাগুলো লক হয়ে যায়। ফলে ভিতরে থাকা যাত্রীরা আটকে পড়েন এবং বাইরে থেকেও তাঁদের উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে।
এই সুরক্ষাজনিত ঝুঁকির কথা মাথায় রেখে এবার কড়া পদক্ষেপ নিল চিন। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা গাড়ির এই লুকোনো দরজার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চিনা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সে দেশে এমন প্রযুক্তির গাড়ি তৈরি বা বিক্রি করা যাবে না। তাদের দেশের সংস্থা শাওমি এই ধরনের গাড়ি বানালেও জননিরাপত্তার স্বার্থে কোনো আপস করতে রাজি নয় বেজিং। চিনের এই সিদ্ধান্তের পর এবার প্রশ্ন উঠছে, তবে কি আমেরিকা বা ইউরোপের দেশগুলোও সুরক্ষার খাতিরে টেসলার এই আইকনিক ডিজাইনের ওপর নিষেধাজ্ঞা বসাবে? এই ঘোষণা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।