২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে কোমর বেঁধে ময়দানে নামল বঙ্গ বিজেপি। শনিবার রাজ্যস্তরে উদ্বোধনের পর, রবিবার শিল্প শহর দুর্গাপুরে ঘটা করে শুরু হলো বিজেপির ‘সংকল্প পত্র’ অভিযান। সাধারণ মানুষ আগামী দিনে বিজেপির থেকে কী প্রত্যাশা রাখে বা তাঁদের কী কী চাহিদা রয়েছে, তা জানতেই এই অভিনব ড্রপ বক্স কর্মসূচির সূচনা করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই।
এদিন দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে দলীয় কার্যালয়ে বিধায়কের উপস্থিতিতে এই বক্সের উদ্বোধন করা হয়। লক্ষ্মণ ঘড়ুই জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুর্গাপুরের প্রতিটি ব্লকের গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে এই ড্রপ বক্সগুলি রাখা থাকবে। এছাড়াও একটি বিশেষ মোবাইল নম্বর (9727294294) এবং ইমেল আইডি চালু করা হয়েছে। সাধারণ মানুষের পাঠানো সেরা ও জনকল্যাণকর পরামর্শগুলি নিয়েই তৈরি হবে বিজেপির নির্বাচনী ইস্তেহার বা ‘সংকল্প পত্র’।
তবে বিজেপির এই উদ্যোগকে ‘ভোটের গিমিক’ বলে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাল্টা তোপ দেগে বলেন, “সাড়ে চার বছর দেখা মেলেনি, এখন ভোটের মুখে মানুষের দ্বারে আসা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব উন্নয়ন করে দিয়েছে, নির্বাচনের পর বিজেপির অস্তিত্বই থাকবে না।” পাশাপাশি স্টিল সিটির আধুনিকীকরণ নিয়ে কেন্দ্র কেন পদক্ষেপ করছে না, সেই প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধেছেন তিনি। সব মিলিয়ে ড্রপ বক্সকে কেন্দ্র করে এখন শিল্পাঞ্চলে রাজনৈতিক তরজা তুঙ্গে।





