জগদ্দল থেকে রণহুঙ্কার মমতার: “যেখানে গন্ডগোল করবে, আমি হাজির হব! ক্ষমতা থাকলে আটকাও

প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জগদ্দলের নির্বাচনী জনসভা থেকে তিনি দাবি করেন, তাঁর খাসতালুক ভবানীপুরের তিনটি বিশেষ ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ‘ছাপ্পা ভোট’ করানোর ছক কষছে বিজেপি।

“তিনটে ওয়ার্ড বেছে নিয়েছে ওরা”

অন্নপূর্ণা কটন মিলের মাঠে সোমনাথ শ্যামের সমর্থনে আয়োজিত সভায় মমতা বলেন, “আমার কেন্দ্রের তিনটে ওয়ার্ড বেছে নিয়েছে ওরা, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে! তার মধ্যে ৭৭ এবং ৬৩ নম্বর ওয়ার্ড আছে। বিজেপি ভাবছে এভাবে আমায় বিপাকে ফেলবে।” এরপরই হুঙ্কার দিয়ে তিনি বলেন, “এমন ধাপ্পা দেব না, বুঝবে ঠ্যালা। ধোঁকার ডালনা খাওয়াব, বিচুটি পাতার ঝোল খাওয়াব! তুমি আমাকে চেনো না। যেখানে গন্ডগোল করবে, আমি নিজে গিয়ে হাজির হব। ক্ষমতা থাকলে আটকাও আমাকে!”

প্রার্থী রাজেশকে তীব্র আক্রমণ

জগদ্দলের বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমারকেও রেয়াত করেননি মুখ্যমন্ত্রী। মমতার দাবি, রাজেশ একসময় তৃণমূলের টিকিট চেয়েছিলেন, কিন্তু তাঁকে টিকিট না দেওয়ায় ক্ষোভ থেকেই তিনি বিজেপিতে গিয়েছেন। সোমনাথ শ্যামের হয়ে সুর চড়িয়ে তিনি বলেন, “সোমনাথকে জেলে ঢোকাবার ব্যবস্থা করছে ওরা। কিন্তু মনে রেখো, সোমনাথের যদি জেল হয়, ও জেলে বসেই জিতবে।”

কমিশনকে কড়া চ্যালেঞ্জ

এদিন সভা থেকে কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “আমাকে তুমি ব্যান করবে? আমাকে ব্যান করলে সারা ভারত, সারা পৃথিবী প্রতিবাদ দেখাবে!” প্রধানমন্ত্রীর সভায় দ্রুত অনুমতি মিললেও মুখ্যমন্ত্রীর সভায় বাধার সৃষ্টি করা হচ্ছে বলে ফের সরব হন তিনি।

ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই সভা থেকে মমতার ‘ছাপ্পা’ অভিযোগ এবং কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি আক্রমণ ভোটের আগে রাজনৈতিক পারদকে কয়েক গুণ বাড়িয়ে দিল। বিশেষ করে ‘বিচুটি পাতার ঝোল’ খাওয়ানোর মতো চেনা মেজাজের দাওয়াই এখন নেটপাড়ায় ভাইরাল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy