২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে দলের ভাবমূর্তি বজায় রাখতে আপসহীন মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রঘুনাথপুরের জনসভা থেকে জামুড়িয়ার বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী হরেরাম সিংকে প্রকাশ্য মঞ্চেই তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং এলাকায় ‘লালবাতি’ লাগানো গাড়ি এবং বিশাল কনভয় নিয়ে দাপিয়ে বেড়ান, যা সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
এদিন মঞ্চে ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হরেরাম সিংয়ের দিকে তাকিয়ে বলেন, “হরেরাম, তোমার নামে কিন্তু অনেক নালিশ আসছে। বিশেষ করে তোমার ছেলেকে সামলাও। সে যেন লালবাতি লাগানো গাড়ি নিয়ে এলাকায় ঘুরে না বেড়ায়। মনে রাখবে, সাধারণ মানুষ ভোট দিলে তবেই তুমি বিধায়ক। ক্ষমতার দাপট সাধারণ মানুষ পছন্দ করে না।” মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে দেন যে, দলের কোনো নেতার আত্মীয় বা পরিবারের সদস্য যদি প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করে, তবে দল তা বরদাস্ত করবে না।
স্থানীয় সূত্রে খবর, জামুড়িয়া এলাকায় হরেরাম-পুত্র প্রেমপাল সিংয়ের কনভয় সংস্কৃতি এবং ‘ভিআইপি’ মেজাজে চলাফেরা করা নিয়ে গত কয়েক মাস ধরেই তৃণমূলের অন্দরে ও বাইরে অসন্তোষ দানা বাঁধছিল। এলাকাবাসীর অভিযোগ ছিল, বিধায়ক-পুত্রের এই দাপটের কারণে রাস্তায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হয়। এই খবর মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাতেই তিনি ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল করতে সরাসরি প্রার্থীর ক্লাস নিলেন। মমতার এই কড়া দাওয়াইয়ের পর জামুড়িয়ার রাজনৈতিক সমীকরণ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।