দেশজুড়ে তীব্র গরমের দাপট শুরু হয়েছে। প্রখর দাবদাহের হাত থেকে পড়ুয়াদের স্বস্তি দিতে ইতিমধ্যেই দিল্লির সমস্ত সরকারি স্কুলে গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করেছে ডিরেক্টরেট অফ এডুকেশন (DoE)। আগামী ১১ মে থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। তবে ছুটির আনন্দ সবার জন্য সমান নয়। রাজধানীর নবম, দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই ছুটির মাঝেই বিশেষ ক্লাসের ব্যবস্থা করল সরকার।
দিল্লি শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, পড়ুয়াদের পড়াশোনার মানোন্নয়ন এবং সিলেবাসে এগিয়ে থাকার লক্ষ্যে ১১ মে থেকে ২৩ মে পর্যন্ত ‘রেমেডিয়াল ক্লাস’ বা প্রতিকারমূলক পাঠদান কর্মসূচি চলবে। তবে কড়া রোদের কথা মাথায় রেখে ক্লাসের সময়সূচিতে আনা হয়েছে বড় বদল।
স্কুলের নতুন সময়সূচি ও নিয়মাবলি:
সময়: পড়ুয়াদের জন্য ক্লাস শুরু হবে সকাল ৭:৩০ মিনিটে এবং চলবে ১০:৩০ মিনিট পর্যন্ত। শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকতে হবে সকাল ৭:২০ থেকে বেলা ১১টা পর্যন্ত।
বিষয়: নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে মূলত গণিত এবং বিজ্ঞানের ওপর জোর দেওয়া হবে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে পড়ুয়াদের প্রয়োজন অনুযায়ী বিষয় নির্ধারণ করবেন স্কুলের প্রধান শিক্ষক।
পোশাক: ছুটির দিনের বিশেষ ক্লাস হলেও স্কুল ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে।
অনুমতি: ক্লাসে যোগ দেওয়ার আগে অভিভাবকদের কাছ থেকে লিখিত সম্মতি বা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) জমা দিতে হবে।
বিশেষ এই ক্লাস চলাকালীন পড়ুয়াদের উপস্থিতির হিসাব অনলাইনে নথিভুক্ত করা হবে। প্রচণ্ড গরমে যাতে পড়ুয়াদের কোনো শারীরিক সমস্যা না হয়, তার জন্য স্কুলগুলোকে পর্যাপ্ত পানীয় জল এবং ছায়ার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্কুল লাইব্রেরিগুলোও এই সময়ে খোলা থাকবে যাতে ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।
শিক্ষাবিদদের মতে, বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়া পড়ুয়াদের সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। তবে ছুটির আমেজে এই অতিরিক্ত পড়াশোনা কতটা সফল হয়, সেটাই এখন দেখার।





