চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য এক বড় সুখবর নিয়ে এল কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ‘পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কর্মপরিবেশ (ওএসএইচডব্লিউসি) কেন্দ্রীয় বিধিমালা, ২০২৬’। গত ৮ মে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে ঠিকাদারের মাধ্যমে কর্মরত নির্দিষ্ট কর্মীরা প্রতি বছর ন্যূনতম ২ শতাংশ হারে বেতন বৃদ্ধির অধিকারী হবেন। শ্রম আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিধি ১৮৫ অনুযায়ী এই বেতন বৃদ্ধি বাধ্যতামূলক।
এতদিন দেখা যেত, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বছরের পর বছর এক জায়গায় থমকে থাকত। এই নতুন ব্যবস্থার ফলে সেই আর্থিক স্থবিরতা দূর হবে। তবে মনে রাখতে হবে, এই সুবিধা শুধুমাত্র সেইসব কর্মীদের জন্য প্রযোজ্য যারা ঠিকাদারের অধীনে ‘নিয়মিত কর্মী’ হিসেবে তালিকাভুক্ত। যারা কোম্পানির সরাসরি স্থায়ী কর্মী বা ফিক্সড টার্ম এমপ্লয়ি, তাঁরা এই বিশেষ কাঠামোর অধীনে বেতন বৃদ্ধির দাবি করতে পারবেন না।
বর্তমানে এই নিয়মটি রেলওয়ে, খনি, তেলক্ষেত্র, ব্যাংক, বীমা, বিমান পরিবহন, টেলিকম এবং কেন্দ্রীয় সরকারি সংস্থার (পিএসইউ) মতো কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলিতে কার্যকর হবে। তবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থাগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করতে হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করতে হবে। ঠিকাদার বা মূল কোম্পানির বেতন বৃদ্ধির নিজস্ব নীতি থাকুক বা না থাকুক, বিধি ১৮৫ অনুযায়ী এই ন্যূনতম ২ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করা এখন থেকে বাধ্যতামূলক। এটি কর্মীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে এক বড় পদক্ষেপ।





