চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল ৪০ কুইন্টালের পোল! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত বড় নেতা

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক ভয়াবহ এবং মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সক্রিয় নেতা লাল বাহাদুর যাদব (৪৮)। রবিবার দুপুরে একটি পেট্রল পাম্পের হাইমাস্ট লাইটের পোল বসানোর সময় সেটি চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়লে এই বিপর্যয় ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, দুমড়ে-মুচড়ে যায় নেতার গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুরো শিউরে ওঠা ঘটনার দৃশ্য ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে।

সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার লাল বাহাদুর তাঁর নিজস্ব গাড়িতে করে বাবুগঞ্জ থেকে প্রতাপগড়ের দিকে যাচ্ছিলেন। রাস্তায় একটি পেট্রল পাম্পের সামনে তখন ক্রেনের সাহায্যে প্রায় ৬৫ ফুট লম্বা একটি বিশালাকার হাইমাস্ট পোল বসানোর কাজ চলছিল। প্রায় ৪০ কুইন্টাল ওজনের ওই ভারী খুঁটিটি যখন উপরে তোলা হচ্ছিল, ঠিক তখনই হঠাত ক্রেনের বেল্ট ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে সেই বিশালাকার পোলটি লাল বাহাদুরের চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির ছাদ কার্যত মাটির সঙ্গে মিশে গিয়েছিল। স্থানীয়রা ছুটে এসে গাড়ির দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় লাল বাহাদুরকে উদ্ধার করেন। পুলিশ তাঁকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, জনবহুল এলাকায় কোনওরকম সুরক্ষা বেষ্টনী বা সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই এত বড় মাপের কাজ করা হচ্ছিল। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ক্রেন চালকের কোনও গাফিলতি ছিল কি না বা পাম্প কর্তৃপক্ষের অনুমোদনে ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লাল বাহাদুর যাদব এলাকায় সমাজবাদী পার্টির পরিচিত মুখ ছিলেন এবং দু’বার অন্তু নগর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সমাজবাদী পার্টি এবং নেতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy