ঘূর্ণিঝড় ‘মান্থা’-এর জেরে নভেম্বরেও অধরা শীতের আমেজ! দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কবে নামবে উত্তুরে হাওয়া?

ঘূর্ণিঝড় ‘মান্থা’ নিম্নচাপের আকার নিলেও তার প্রভাবে এখনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বর্ষা বিদায় নিলেও এই নিম্নচাপের জেরে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় শীতের আগমন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কালীপুজো, ছট পুজো এমনকি জগদ্ধাত্রী পুজোও শেষ, কিন্তু শীতের দেখা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আজ (শনিবার) ও আগামিকাল (রবিবার) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা: দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া: আজ ও আগামী কয়েক দিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া:

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দিনাজপুর এবং মালদাতে বৃষ্টি হতে পারে। রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়াবীদদের আশা, আগামী সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক হবে।

শীত আসছে কবে?

আলিপুর আবহাওয়া অফিস এখনও শীত নিয়ে সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস দেয়নি। তবে আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন:

“ঘূর্ণিঝড় ‘মান্থা’-এর প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার পরই এই রাজ্যে উত্তুরে হিমেল হাওয়া সক্রিয় হবে। তারপরই ধীরে ধীরে শীত পড়বে। আগামী সপ্তাহ থেকেই পরিস্থিতি অনেকটাই উন্নত হবে বলে আশা করা হচ্ছে।”

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে তবেই শীতের আমেজ ফিরতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy