জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে ফের সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে সাধারণ মানুষের পকেট কাটছে। খড়গের দাবি, “पेट্রোল-ডিজেলের ওপর প্রতিদিন ১০০০ কোটি টাকার কর চাপিয়েও বিজেপি সরকারের তৃপ্তি নেই। এখন কিস্তিতে লুঠের নতুন কারবার শুরু হয়েছে।”
সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে খড়গে লিখেছেন, “যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম ছিল, তখন সেই সুফল সাধারণ মানুষকে দেওয়া হয়নি। উল্টে জনগণের ওপর বোঝা চাপানো হয়েছে। এখন যখন সঙ্কট, তখন সরকার কেবল ত্যাগ স্বীকারের উপদেশ দিচ্ছে।”
ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রিটেন ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোর উদাহরণের টেনে খড়গে দেখিয়েছেন, কীভাবে বিশ্বের অন্যান্য দেশ যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি তেলের ওপর উৎপাদন শুল্ক কমিয়ে নিজ দেশের নাগরিকদের স্বস্তি দিয়েছে। খড়গের কথায়, “প্রধানমন্ত্রী মোদী যখন ‘সব ঠিক আছে’ বলে দেশবাসীকে বিভ্রান্ত করতে ব্যস্ত ছিলেন, তখন অন্য দেশগুলো নাগরিকদের জন্য সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করছিল।”
শেষ পর্যন্ত মোদী সরকারকে বিঁধে খড়গে প্রশ্ন তুলেছেন, “নরেন্দ্র মোদীজি, আমাদের জানান—এই কিস্তি-ভিত্তিক লুটে আসলে কাদের অংশীদারিত্ব রয়েছে? আপনি কেন এত আপস করছেন?” দেশের জ্বালানি অর্থনীতির বর্তমান পরিস্থিতিকে তিনি একটি গভীর ‘নেতৃত্বের সঙ্কট’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং ১৪০ কোটি ভারতবাসী যে সরকারের এই নীতি বুঝতে পেরেছে, সে বার্তাও স্পষ্ট করেছেন।





