ভারতীয় রেলের মুকুটে নয়া পালক! এবার দেশের দ্রুততম মেট্রো পরিষেবা পেতে চলেছে উত্তরপ্রদেশের মীরাট। যেখানে কলকাতা মেট্রোর গড় গতিবেগ ঘণ্টায় ২৫-৩০ কিলোমিটার, সেখানে মীরাট মেট্রো ছুটবে ১২০ কিমি প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিতে। মীরাট দক্ষিণ থেকে মোদিপুরম পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি পার করতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। এই যাত্রাপথের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে ১২টি স্টেশনে দাঁড়ানোর সময়ও।
এই প্রকল্পের সবথেকে বড় চমক হলো এর পরিকাঠামো। ভারতে এই প্রথম কোনো মেট্রো পরিষেবা সেমি-হাই-স্পিড ‘নমো ভারত’ (Namo Bharat) ট্রেনের সাথে একই ট্র্যাকে চলবে। অর্থাৎ, রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS) এবং লোকাল মেট্রো মিলেমিশে একাকার হয়ে যাবে এই করিডোরে। আগামী ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঐতিহাসিক প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে দিল্লি থেকে মীরাট পৌঁছানো যাবে ১ ঘণ্টারও কম সময়ে, যা যাতায়াতের সংজ্ঞাই বদলে দেবে।