এক দিনের ঝটিকা সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবারের সফরে কোনো রাজনৈতিক রণকৌশল বা জনসভা নয়, বরং সম্পূর্ণ ধর্মীয় কর্মসূচিতে অংশ নিতে নদীয়ার মায়াপুরে আসছেন তিনি। বুধবার, ১৮ ফেব্রুয়ারি ইসকনের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন বিজেপির এই হেভিওয়েট নেতা। শাহের এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে গুঞ্জন থাকলেও, সোমবার প্রকাশিত চূড়ান্ত সফরসূচিতে স্পষ্ট হয়েছে যে এবারের সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি থাকছে না।
সূচি অনুযায়ী, বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে পাড়ি দেবেন মায়াপুরের উদ্দেশ্যে। দুপুর ২টো ২৫ মিনিট থেকে বিকেল ৪টে ২৫ মিনিট পর্যন্ত মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর ফের আকাশপথে কলকাতায় ফিরে বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। উল্লেখ্য, বিগত কয়েক মাসে শাহ যতবার বঙ্গে এসেছেন, বেশ কয়েক দিন সময় কাটিয়েছেন। কিন্তু এবারের সফরটি হতে চলেছে তাঁর সংক্ষিপ্ততম বঙ্গ সফর।
যদিও সরাসরি কোনো রাজনৈতিক সভা নেই, তবুও মায়াপুরে শাহের উপস্থিতির সময় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং নদীয়া উত্তর সাংগঠনিক জেলার নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই ভোট থাকলেও এই যাত্রায় শাহ মূলত আধ্যাত্মিক সংযোগ স্থাপনেই বেশি গুরুত্ব দিচ্ছেন।