‘ওদের বল করার আগে রাতে ঘুম আসত না!’ রোহিত-কোহলির ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে কঠিন শর্ত

ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের দৃঢ় বিশ্বাস, তারকা ব্যাটার বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন। তবে, প্রাক্তন এই প্রোটিয়া তারকা একটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছেন— এই দুই অভিজ্ঞ তারকাকে ফিটনেস ধরে রাখতে হবে এবং ধারাবাহিক কঠোর অনুশীলন চালিয়ে যেতে হবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অক্টোবর মাসে ওয়ান ডে সিরিজে এই ‘রোকো’ জুটির প্রত্যাবর্তনের পর থেকেই ক্রিকেট মহলে তাঁদের ২০২৭ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিরাট ও রোহিত টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে তাঁরা বর্তমানে কেবল ওয়ান ডে খেলেন। তাই প্রশ্ন উঠছিল, ধারাবাহিক ক্রিকেটের অভাবে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের ব্যাটে রান আসবে কি না।

অভিজ্ঞতা অমূল্য, বলছেন মর্কেল:

রোহিত ও বিরাটের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে মর্নি মর্কেল বলেন, “অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। চাপের মুখে সেই অভিজ্ঞতাই কাজে লাগে। ওরা দু’জনেই বিশ্বমানের প্লেয়ার। যতক্ষণ ওরা কঠোর পরিশ্রম করবে এবং ফিটনেস ধরে রাখবে, ততক্ষণ ওরা অমূল্য সম্পদ।”

বোলিং কোচ আরও যোগ করেন, “আমি সব সময়ে অভিজ্ঞতায় বিশ্বাসী। সেই অভিজ্ঞতা অন্য কোথাও পাওয়া যায় না। ওরা ট্রফি জিতেছে, বড় টুর্নামেন্ট কীভাবে খেলতে হয় তা ওরা ভাল জানে। ওরা মানসিক ও শারীরিক ভাবে ফিট থাকলে অবশ্যই (২০২৭ বিশ্বকাপ) খেলতে পারবে।”

মর্নি মর্কেলের ব্যক্তিগত অভিজ্ঞতা:

মর্নি মর্কেল তাঁর খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, অতীতে এই দুই মহাতারথীর বিরুদ্ধে মাঠে নামার আগে তাঁকে অনিদ্রার রাত কাটাতে হয়েছে। তিনি জানেন, রোহিত এবং বিরাট ক্রিজে থাকলে বোলারদের জন্য পরিস্থিতি কতটা কঠিন হয়ে ওঠে। তাঁর দাবি, “আমি ওদের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি। ওদের বল করার আগে অনেক রাত ঘুমোতে পারিনি। তাই একজন বোলার হিসেবে আমি জানি, ওদের বিপক্ষে খেলতে গেলে কী কী প্রস্তুতি লাগে। আমি অবশ্যই ওদের পক্ষে।”

উল্লেখ্য, গত মাসের সিরিজে রোহিত শর্মা একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান করে সিরিজের সেরাও হয়েছিলেন। অন্যদিকে, প্রথম দু’টি ওয়ান ডে-তে কোহলি শূন্য রানে আউট হলেও তৃতীয় ম্যাচে সিডনিতে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছিলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy