মধ্যপ্রদেশের ইন্দোর শহরে বুধবার ভোররাতে ঘটে গেল এক শিউরে ওঠা অগ্নিকাণ্ড। ব্রজেশ্বরী অ্যানেক্স কলোনির একটি তিনতলা বাড়িতে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় হওয়া বিস্ফোরণ কেড়ে নিল আটটি তরতাজা প্রাণ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ৩টে নাগাদ পুগালিয়া পরিবারের বাড়িতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নিচতলায় চার্জিং পয়েন্টে শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন ধরে যায়।
মূহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির ভেতরে থাকা এলপিজি সিলিন্ডারগুলোতে। পরপর সিলিন্ডার বিস্ফোরণে পুরো বাড়িটি আগুনের গোলায় পরিণত হয়। প্রতিবেশীরা বিকট শব্দ শুনে ছুটে এলেও বাড়ির ইলেকট্রনিক লক সিস্টেম থাকায় ভেতরে ঢোকা অসম্ভব হয়ে পড়ে। দরজার আড়ালেই আটকে পড়ে জীবন্ত দগ্ধ হন আটজন। পুলিশ ও দমকল বাহিনী তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ইন্দোর কালেক্টর শিবম ভার্মা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ফরেনসিক দল তদন্ত শুরু করেছে।