ইভানকা ট্রাম্পকে খুনের ছক! সোলাইমানির বদলা নিতে ফ্লোরিডার বাসভবনে হামলার ভয়াবহ ষড়যন্ত্র

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার আবারও আন্তর্জাতিক সন্ত্রাসের সরাসরি নিশানায়। এবার চরম হুমকির মুখে ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মদতপুষ্ট এক ইরাকি নাগরিককে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা, যার বিরুদ্ধে ইভানকাকে হত্যা করে ট্রাম্প পরিবারকে ধূলিসাৎ করার ভয়াবহ ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এই ঘটনা পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং পুরনো শত্রুতার নতুন করে শিখা জ্বালিয়ে দিল।

নিউজিল্যান্ড পোস্টসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি (৩২)। সে আইআরজিসি-প্রশিক্ষিত এবং ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই বাগদাদে ড্রোন হামলায় নিহত হয়েছিলেন ইরানের প্রবীণ কমান্ডার কাসেম সোলাইমানি। আল-সাদি সোলাইমানিকে নিজের মেন্টর বা গুরু মানত। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই সে এই চরম পথ বেছে নেয়। তদন্তকারীদের কাছে সে দম্ভ করে বলেছে, “ট্রাম্প যেভাবে আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে, আমরা ট্রাম্পের ঘর পুড়িয়ে দেব।”

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। আল-সাদির কাছ থেকে ইভানকা ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের একটি বিস্তারিত নকশা বা ব্লুপ্রিন্ট উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় সে প্রকাশ্যে হুমকি দিয়ে লিখেছিল, “আমেরিকানরা এই ছবি দেখো। তোমাদের প্রাসাদ কিংবা সিক্রেট সার্ভিস—কেউই তোমাদের রক্ষা করতে পারবে না।” এমনকি, ফ্লোরিডার যে এলাকায় ইভানকা ও তাঁর স্বামী জারেদ কুশনারের ২ কোটি ৪০ লক্ষ ডলারের বাড়ি রয়েছে, সেই এলাকার ম্যাপও সে অনলাইনে ছড়িয়ে দিয়েছিল।

বর্তমানে ফ্লোরিডায় স্বামী ও সন্তানদের নিয়ে তুলনামূলক নিরিবিলি জীবন কাটালেও ইভানকা ট্রাম্পের ওপর এই হামলার ছক মার্কিন গোয়েন্দা মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। ম্যানহাটনের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে ছয়টি সুনির্দিষ্ট সন্ত্রাসবাদী অভিযোগ দায়ের করা হয়েছে। আল-সাদি কাতায়েব হিজবুল্লাহসহ বেশ কয়েকটি ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তাঁর বিরুদ্ধে বোমা হামলার পরিকল্পনা এবং ইহুদি সম্প্রদায়ের ওপর হামলারও অভিযোগ রয়েছে।

ইরাকি সূত্র এবং প্রাক্তন কূটনীতিক এন্তিফাদ কানবার জানিয়েছেন, আল-সাদি স্পষ্টভাবে বলত যে ইভানকাকে হত্যা করলে ট্রাম্প পরিবারের ভিত নড়ে যাবে। রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যানা পলিনা লুনা এই ঘটনাকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে কড়া নিন্দা করেছেন। ট্রাম্প পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করা হলেও, নিরাপত্তা সংস্থাগুলো ইভানকা ও তাঁর পরিবারের জন্য নিরাপত্তা বলয় কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। মার্কিন গোয়েন্দারা এখন এই বৃহত্তর নেটওয়ার্কের অন্য সদস্যদের খোঁজ চালাচ্ছে, যারা ইরান-সমর্থিত এই প্রক্সি যুদ্ধের অংশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy