‘অজ্ঞান হলেই ছক্কা মারবে!’ ভোটের পর কর্মীদের কেন চা খেতে বারণ করলেন তৃণমূল নেত্রী?

ভোটের ময়দানে লড়াই যত তীব্র হচ্ছে, ততই মেজাজ চড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব বর্ধমানের গলসির জনসভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক নজিরবিহীন সতর্কবার্তা দিলেন তিনি। তাঁর সাফ কথা, ভোটের পর ইভিএম পাহারায় থাকাকালীন অপরিচিত কারোর দেওয়া চা বা খাবার ছোঁয়াও যাবে না। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, “খাবারে কিছু মিশিয়ে আপনাদের অজ্ঞান করে বিজেপি ছক্কা মেরে দিতে পারে।”

গলসি ও আউশগ্রামের প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় মমতা অভিযোগ করেন, তাঁকে মনোনয়ন জমা দিতেও চার ঘণ্টা আটকে রাখা হয়েছিল। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি কর্মীদের সতর্ক করে বলেন, বুথ স্তরে কড়া নজরদারি চালাতে হবে। ইভিএম খারাপ হলে নতুন মেশিন না আসা পর্যন্ত বুথ ছাড়া যাবে না।

এদিন ভোটদাতাদের মনোবল বাড়াতেও বিশেষ দাওয়াই দেন তৃণমূল নেত্রী। জগন্নাথ দেবের রথযাত্রার উদাহরণ টেনে তিনি বলেন, “রথ টানার আগে যেমন রাস্তা পরিষ্কার করা হয়, ভোট দিতে যাওয়ার পথে কেউ বাধা দিলে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করে এগিয়ে যান।” দিল্লির নেতাদের ‘বাইরের লোক’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, ভোটার তালিকা নিয়ে কারচুপি করার চেষ্টা চলছে। লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর মতো প্রকল্পের কথা মনে করিয়ে দিয়ে মমতা বুঝিয়ে দিলেন, এই লড়াই তাঁর কাছে অস্তিত্ব রক্ষার যুদ্ধ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy