সকালের ঘুম ভাঙানো থেকে শুরু করে ক্লান্ত দুপুরে এক চোট চনমনে ভাব আনতে, কফির জুড়ি মেলা ভার। তবে শুধু পানীয় হিসেবেই নয়, এই সুগন্ধি বীজ ত্বক এবং চুলের যত্নেও দারুণ কার্যকরী! কফিতে থাকা ক্যাফেইন চুলের জন্য বিশেষভাবে উপকারী। নিয়মিত কফির হেয়ার প্যাক ব্যবহার করলে যেমন চুলের বৃদ্ধি বাড়ে, তেমনই চুল পড়া কমাতেও সাহায্য করে। তাহলে আর দেরি না করে জেনে নিন, রূপচর্চায় কফি কীভাবে ব্যবহার করা যায়:
ডার্ক সার্কেল কমাতে কফি:
চোখের তলার কালি মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন, তবে চোখের নীচে কফির পেস্ট লাগান। কফির অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে ডার্ক সার্কেল কমতে শুরু করে। সামান্য কফি পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা জল মিশিয়ে পেস্ট তৈরি করে চোখের নীচে আলতো করে লাগান। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
ব্রণ সারাতে কফি:
কফিতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্লোরোজেনিক অ্যাসিড থাকে, যা ব্রণ দূর করতে সাহায্য করে। মুখে ব্রণ হওয়ার অন্যতম প্রধান কারণ হল অতিরিক্ত তেল এবং মৃত কোষ। কফি দিয়ে ত্বক স্ক্রাব করলে এই দুটি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কফি স্ক্রাব তৈরি করতে কফি পাউডার এবং নারকেল তেল নিন। এগুলি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর তা মুখে আলতোভাবে লাগিয়ে স্ক্রাব করুন। স্ক্রাব করার পরে পেস্টটি পাঁচ মিনিট মুখে রেখে দিন। এরপরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু-তিনবার এই স্ক্রাব ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
কফি দিয়ে করুন ফুট স্ক্রাব:
কফি ব্যবহারের ফলে পায়ের মৃত কোষ দূর হয়, যা পা পরিষ্কার রাখতে সাহায্য করে। কফিতে ক্যাফেইন পাওয়া যায়, যা রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায় এবং পায়ের ত্বককে মসৃণ করে তোলে। দুই টেবিল চামচ কফি পাউডার, দুই টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্রাবার হিসেবে পায়ে লাগিয়ে কুড়ি মিনিট ধরে স্ক্রাব করুন। সপ্তাহে তিন-চারবার এই স্ক্রাব ব্যবহার করলে পায়ের ত্বক নরম ও পরিষ্কার থাকবে।
চুলে কালার করার জন্য কফির ব্যবহার:
চুলের রঙ হালকা ব্রাউন করতে কফি ব্যবহার করা একটি প্রাকৃতিক উপায়। একটি বড় কাপের পরিমাণ কফি ভালোভাবে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে ব্রাশের সাহায্যে এই তরল নিজের চুলে লাগিয়ে নিন। লাগানোর পর শাওয়ার ক্যাপ দিয়ে ৪৫ মিনিট মাথা ঢেকে রাখুন। এর পরে ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে চুলে কফি লাগালে আপনার চুল ধীরে ধীরে ব্রাউন হবে এবং একটি সুন্দর আভা পাবে।
হেয়ার স্ক্রাব:
মুখে স্ক্রাব করার পাশাপাশি চুল স্ক্রাব করতেও কফি ব্যবহার করা যেতে পারে। কফি দিয়ে স্ক্রাবিং করলে চুলের গোড়া পরিষ্কার হয় এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে। কফি স্ক্রাবিং করলে মাথার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় থাকে। স্ক্রাব করার জন্য সামান্য কফি পাউডার আপনার পছন্দের কন্ডিশনারের সাথে মিশিয়ে নিন। স্নানের সময় এই মিশ্রণটি মাথার ত্বকে আলতোভাবে মাসাজ করুন এবং কিছুক্ষণ পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
তাহলে দেখলেন তো, আপনার প্রিয় পানীয় কফি শুধু ক্লান্তি দূর করতেই নয়, ত্বক ও চুলের যত্নেও কতটা বহুমুখী! আজ থেকেই আপনার রূপচর্চার রুটিনে যোগ করুন কফি এবং উপভোগ করুন এর অসাধারণ উপকারিতা।