ভারী খাবারের পর সুস্থ থাকতে যা খাবেন, জেনেনিন সহজ কিছু উপায়

উৎসবের মরসুম হোক বা ছুটির দিনের আড্ডা— কবজি ডুবিয়ে খাসির মাংস কিংবা বিরিয়ানি খাওয়ার পর অনেকেরই শুরু হয় অস্বস্তি। পেট ফাঁপা, গ্যাস, বদহজম কিংবা বুক জ্বালাপোড়া করার মতো সমস্যা আমাদের পুরো আনন্দটাই মাটি করে দেয়। আসলে ভারী খাবার হজম করতে শরীরকে প্রচুর শক্তি ব্যয় করতে হয়। কিন্তু এনজাইমের ঘাটতি থাকলে সেই খাবার দীর্ঘক্ষণ পেটে জমে থেকে বিপত্তি ঘটায়।

অস্বস্তি কাটিয়ে দ্রুত সতেজ হতে মেনে চলুন এই সহজ ঘরোয়া টোটকাগুলি:

১. ইষদুষ্ণ জলের ম্যাজিক

ভারী খাবার খাওয়ার ৩০-৪০ মিনিট পর হালকা গরম জল পান করুন। এর সঙ্গে সামান্য লেবুর রস ও এক চিমটি লবণ মিশিয়ে নিলে বিপাক হার (Metabolism) দ্রুত বৃদ্ধি পায় এবং শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। তবে মনে রাখবেন, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বা পরপরই চা-কফি পান করা একদম ঠিক নয়। কারণ এর ক্যাফেইন ও ফেনোলিক যৌগ খাবার থেকে পুষ্টি শোষণে বাধা দেয়।

২. টক দই ও বোরহানি

ভারী খাবারের ১৫-২০ মিনিট পর টক দই খাওয়া সবচেয়ে উপকারী। এটি একটি প্রাকৃতিক প্রোবায়োটিক যা হজমশক্তি বাড়াতে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে। দইয়ের সঙ্গে সামান্য ভাজা জিরার গুঁড়ো মিশিয়ে নিলে ফল মিলবে দ্রুত। এছাড়া বোরহানি বা মাঠাও হজমে বিশেষ ভূমিকা রাখে।

৩. মৌরি ও আদা-জিরা জল

  • মৌরি: খাওয়ার পর এক চা-চামচ মৌরি চিবিয়ে খেলে পরিপাকতন্ত্রের পেশি শিথিল হয়, যা গ্যাসের অস্বস্তি কমায়।

  • আদা ও জিরা: আদায় থাকা ‘জিঞ্জেরল’ খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে। অন্যদিকে জিরার ‘কারমিনেটিভ’ গুণ পেটের গ্যাস কমায়। আদা ও জিরা ভেজানো জল চুমুক দিয়ে পান করলে বমি ভাবও কেটে যায়।

৪. এনজাইম সমৃদ্ধ ফল

হজমে সমস্যা হলে পেঁপে বা আনারস বেছে নিন। পেঁপের ‘পাপাইন’ এবং আনারসের ‘ব্রোমেলেইন’ এনজাইম প্রোটিন জাতীয় ভারী খাবারকে দ্রুত নরম করে হজমযোগ্য করে তোলে।

৫. হালকা হাঁটাহাঁটি

খাবার খেয়েই বিছানায় শুয়ে পড়বেন না। গবেষণায় দেখা গেছে, খাওয়ার পর অন্তত ১৫-২০ মিনিট ধীরলয়ে হাঁটলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তবে ভুলেও খাওয়ার পর ভারী ব্যায়াম করবেন না।

বিশেষ টিপস: যারা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাঁরা এক গ্লাস জলে এক চা-চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে খেয়ে দেখতে পারেন। এটি পাকস্থলীতে প্রয়োজনীয় অ্যাসিড তৈরি করে খাবার ভাঙতে সাহায্য করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy