দ্রুততম সময়ে বাড়তি ওজন কমানো কখনোই স্বাস্থ্যসম্মত নয়। ওজন নিয়ন্ত্রণে আনতে চাইলে প্রয়োজন সঠিক খাদ্য উপাদান গ্রহণ এবং পরিমিত খাদ্যাভ্যাস। স্বাস্থ্যকর ও সঠিক খাদ্য উপাদানের মাঝে বিটরুট (Beetroot) অন্যতম।
ওজন কমাতে বিটরুট কেন উপকারী?
কম ক্যালোরি: ১০০ মিলিলিটার বিটরুটের জুস থেকে মাত্র ৩৫ ক্যালোরি পাওয়া যায়, ফলে ক্যালোরি মেপে খাওয়ার চিন্তা থাকে না।
আঁশ: এতে পর্যাপ্ত পরিমাণে দ্রবণীয় আঁশ (Soluble Fiber) থাকায় বিট খাওয়ার ফলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে এবং কোনো ক্ষুধাভাব দেখা দেয় না।
পুষ্টি: প্রাকৃতিক এই খাদ্য উপাদান থেকে প্রচুর পরিমাণে মিনারেল ও ভিটামিন পাওয়া যায়।
ঘরে তৈরি সহজ দুটি বিটরুটের জুসের রেসিপি নিচে যোগ করে দেওয়া হলো, যা সহজেই তৈরি করে নেওয়া যাবে:
১. টমেটো ও বিটের জুস (Tomato & Beet Juice)
টমেটোতেও কম ক্যালোরি ও প্রচুর জল উপস্থিত। তাই এই দুটি উপাদান একসাথে মিশিয়ে একটি স্বাস্থ্যকর জুস তৈরি করা যায়।
উপাদান:
টুকরো বিট: ২ কাপ
টুকরো টমেটো: দেড় কাপ
লেবুর রস: ৩ টেবিল চামচ
পুদিনা পাতা: (প্রয়োজন মতো)
বিট লবণ: (স্বাদমতো)
প্রস্তুত প্রণালী: সকল উপাদন একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো-বিটের জুস।
২. আপেল ও বিটের জুস (Apple & Beet Juice)
বিট ও টমেটোর মতোই আপেলেও খুব কম ক্যালোরি থাকে (১০০ গ্রাম আপেল থেকে মাত্র ৫০ ক্যালোরি)। ফলে এই দুটি উপাদান একত্রে ওজন কমানোর জন্য খুব ভালো একটি জুস তৈরি করে।
উপাদান:
টুকরো বিট: ২ কাপ
টুকরো আপেল: ১ কাপ
দারুচিনি গুঁড়া: ১ চা চামচ
বিট লবণ: (স্বাদমতো)
কালো গোলমরিচের গুঁড়া: (স্বাদমতো)
প্রস্তুত প্রণালী: সকল উপাদান একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে পান করতে হবে।





