Recipe : ছুটির দিনে জমে উঠুক বাসন্তি পোলাও আর মাটন কষার যুগলবন্দীতে!

ছুটির দিনে বিশেষ কিছু রান্নার পরিকল্পনা কমবেশি সব বাড়িতেই থাকে। আর পোলাও ও মাংসের একটি ক্লাসিক কম্বিনেশন অনেকেরই পছন্দের শীর্ষে! আজ না হয় একটু স্বাদ বদলানো যাক, চটজলদি তৈরি করে ফেলুন সুগন্ধি বাসন্তি পোলাও আর তার সাথে জিভে জল আনা মাটন কষা। এই দুটি পদ একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেকদিন। জেনে নিন এই মুখরোচক দুটি পদ তৈরির সহজ রেসিপি:

বাসন্তি পোলাও তৈরির পদ্ধতি:

১. পরিমাণ অনুযায়ী সুগন্ধি চাল নিন এবং ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর তাতে ঘি ও হলুদ মিশিয়ে অন্তত আধ ঘণ্টা মাখিয়ে রাখুন।
২. একটি প্যানে ঘি গরম করুন। তাতে কাজুবাদাম ও কিসমিস দিয়ে হালকা করে ভেজে তুলে আলাদা পাত্রে রাখুন।
৩. ওই একই পাত্রে আরও সামান্য তেল যোগ করুন। তাতে তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারুচিনি দিয়ে একটু ভেজে নিন।
৪. এরপর আদা বাটা মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
৫. এবার হলুদ মাখানো চাল যোগ করে কিছুক্ষণ ভাজুন।
6. পরিমাণমতো জল এবং স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য চিনি মিশিয়ে দিন।
7. জল শুকিয়ে গেলে দেখে নিন চাল সেদ্ধ হয়েছে কিনা।
8. সবশেষে ভেজে রাখা কাজুবাদাম ও কিসমিস পোলাওয়ের সাথে মিশিয়ে দিন।
9. ব্যস, আপনার সুস্বাদু বাসন্তি পোলাও তৈরি!

মাটন কষা তৈরির পদ্ধতি:

১. প্রথমে সামান্য পাকা পেঁপে ব্লেন্ড করে নিন। ধুয়ে রাখা খাসির মাংসের সাথে পেঁপে বাটা মাখিয়ে ৪-৬ ঘণ্টা মেরিনেট করুন। এটি মাংসকে দ্রুত সেদ্ধ করতে সাহায্য করবে।
২. একটি প্যানে সরিষার তেল গরম করুন। তাতে আস্ত শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, এলাচ, লবঙ্গ ও দারুচিনি দিয়ে ভেজে নিন।
3. এরপর পেঁয়াজ কুচি মিশিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন।
4. মেরিনেট করা মাংস যোগ করে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিন।
5. মাংস কষানো হয়ে গেলে এক কাপ গরম জল দিয়ে প্যানের ঢাকনা বন্ধ করে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করুন, যাতে মাংস পাত্রের তলায় লেগে না যায়।
6. অন্য একটি পাত্রে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরা গুঁড়া ও লবণ একসাথে মিশিয়ে নিন।
7. আরেকটি ছোট পাত্রে দুই চামচ সরিষার তেল গরম করে তাতে তৈরি করা মশলার মিশ্রণটি কষিয়ে নিন।
8. এবার কষানো মশলা মাংসের উপর ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই পর্যায়ে মরিচের গুঁড়া ও সামান্য টকদই যোগ করুন।
9. এভাবে আরও প্রায় আধ ঘণ্টা রান্না করুন।
10. যখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন গরম মশলার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিন এবং নামিয়ে নিন জিভে জল আনা মাটন কষা।

এবার গরম গরম সুগন্ধি বাসন্তি পোলাওয়ের সাথে পরিবেশন করুন লোভনীয় মাটন কষা। ছুটির দিনের দুপুরে এই দুটি পদের মেলবন্ধন আপনার রসনাকে তৃপ্ত করবে নিশ্চিত!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy