১৫ দিনে একবার ফেসিয়াল, ত্বকের জন্য কতটা জরুরি?

১৫ দিনে একবার ফেসিয়াল, ত্বকের জন্য কতটা জরুরি?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র | Updated on: Apr 25, 2025 | 5:54 PM

সুন্দর, টানটান এবং জেল্লাদার ত্বক কে না চান! আর তার জন্য চাই নিয়মিত যত্ন। সুন্দর ও দাগছোপহীন ত্বক পেতে অনেকেই রূপচর্চার উপর ভরসা রাখেন। তবে ত্বকের যত্নে ফেসিয়াল করানো উচিত কি না, এই নিয়ে অনেকের মনেই দ্বিধা কাজ করে।

ত্বককে ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এর পাশাপাশি ত্বকের পুষ্টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। ফেসিয়াল এই উভয় চাহিদা পূরণ করতে সক্ষম। এই কারণেই বিশেষজ্ঞরা ফেসিয়াল করার পরামর্শ দিয়ে থাকেন। সাধারণত মহিলারা মাসে একবার অথবা দু’মাসে একবার ফেসিয়াল করিয়ে থাকেন। তবে, যদি মাসে দু’বার অর্থাৎ প্রতি ১৫ দিনে একবার ফেসিয়াল করা হয়, তবে তা ত্বকের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে।

কেন ১৫ দিনে একবার ফেসিয়াল করবেন?

পনেরো দিনে একবার ফেসিয়াল করলে ত্বক গভীরভাবে পরিষ্কার হয়। এটি ত্বকের বন্ধ ছিদ্রগুলিকে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এছাড়াও, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস অপসারণে এটি অত্যন্ত কার্যকর। ত্বকের জন্য ক্ষতিকর এই উপাদানগুলি মাসে দু’বার অপসারণ করলে ত্বক আরও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের মতামত:

কত ঘন ঘন ফেসিয়াল করা উচিত, এই বিষয়ে কোনো বাঁধাধরা নিয়ম নেই। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শুষ্ক ত্বকের অধিকারীরা মাসে দু’বার ফেসিয়াল করলে ত্বক পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা লাভ করে। চিকিৎসকদের মতে, শুষ্ক ত্বকের ছিদ্র খুব দ্রুত বন্ধ হয়ে যায় এবং হোয়াইটহেডস ও ব্ল্যাকহেডস দেখা দেয়। তাই, প্রতি ১৫ দিন অন্তর ফেসিয়ালের মাধ্যমে ত্বক পরিষ্কার করলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে, যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের ফেসিয়াল করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ফেসিয়াল কীভাবে ত্বকের উপকার করে?

ফেসিয়াল একটি বিশেষ স্কিন কেয়ার ট্রিটমেন্ট। এটি এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে মসৃণ করে তোলে। পাশাপাশি, ত্বককে ময়েশ্চারাইজ করে আর্দ্রতা বজায় রাখে। শুধু তাই নয়, ফেসিয়ালের ফলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

ঘরোয়া উপায়ে ফেসিয়াল করার পদ্ধতি:

পার্লারে না গিয়েও বাড়িতে সহজেই ফেসিয়াল করা সম্ভব। জেনে নিন তার পদ্ধতি:

ধাপ ১: প্রথমে একটি হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করুন।
ধাপ ২: ঘরে তৈরি অথবা বাজার থেকে কেনা স্ক্রাব দিয়ে অন্তত ৫ মিনিট ধরে ত্বক স্ক্রাব করুন।
ধাপ ৩: এরপর মুখে ভাপ নিন। এর ফলে ত্বক নরম হবে এবং পরবর্তীকালে যে প্রোডাক্ট ব্যবহার করা হবে, তা সহজে ত্বকে প্রবেশ করতে পারবে।
ধাপ ৪: ১০ মিনিটের জন্য ময়েশ্চারাইজার দিয়ে হালকা হাতে মুখ ম্যাসাজ করুন। সঠিক মাসাজের নিয়ম জানার জন্য আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন।
ধাপ ৫: মুখ পরিষ্কার করার পর ঘরে তৈরি বা কেনা ফেসপ্যাক লাগান। এটি ১৫ মিনিট রেখে দিন।
ধাপ ৬: হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং তারপর ময়েশ্চারাইজার লাগান।
ধাপ ৭: সবশেষে, ত্বকের ঔজ্জ্বল্য আরও বাড়াতে আপনি চাইলে বাদাম তেল বা আপনার ত্বকের জন্য উপযুক্ত কোনো এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।