হাসলে শুধু মনই নয়, রোগও পালায়! জানুন হাসির আশ্চর্য স্বাস্থ্যগুণ

‘হাসিই সেরা ওষুধ’ – এই প্রবাদ বাক্যটি আমরা সবাই শুনেছি। কিন্তু আপনি কি জানেন, হাসলে শুধু মনই ভালো থাকে না, বরং শরীরের অনেক রোগও দূরে পালায়? সাম্প্রতিক গবেষণা এবং বিজ্ঞানীরা হাসির এমন কিছু গুণ তুলে ধরেছেন, যা জানলে আপনি অবাক হবেন।
হাসি কেন এতো গুরুত্বপূর্ণ?
হাসি মানুষের মেজাজকে দ্রুত উন্নত করতে পারে। এর কারণ হলো, হাসলে আমাদের শরীরে কর্টিসল হরমোন (স্ট্রেস হরমোন) নিঃসরণ কমে যায় এবং এন্ডোরফিন হরমোন (সুখের হরমোন) উৎপাদন বাড়ে। এই হরমোনগুলোর ইতিবাচক প্রভাবের ফলে শরীরের একাধিক সমস্যার সমাধান হয়। যেমন:
উচ্চ রক্তচাপ কমে: নিয়মিত হাসার অভ্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
সহনশীলতা বাড়ে: মানসিক চাপ বা প্রতিকূল পরিস্থিতিতে হাসলে আমাদের সহনশীলতা বৃদ্ধি পায়।
ব্যথা কমে: এন্ডোরফিন প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে, ফলে হাসি ব্যথা কমাতেও সাহায্য করে।
চাপ কমে: মানসিক চাপ কমানোর এটি একটি সহজ এবং কার্যকরী উপায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: গবেষণায় দেখা গেছে, যারা বেশি হাসেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে ভালো হয়।
হাসির কিছু মজার তথ্য:
গবেষণায় দেখা গেছে, শিশুরা দিনে গড়ে ৪০০ বার হাসে।
সুখী প্রাপ্তবয়স্করা প্রতিদিন ৪০-৫০ বার হাসেন, আর সাধারণ প্রাপ্তবয়স্করা প্রায় ২০ বার হাসেন।
বিজ্ঞানীরা গণনা করে দেখেছেন, বিশ্বে মোট ১৯ ধরনের হাসি বিদ্যমান।
হাসির সামাজিক এবং কর্মজীবনের প্রভাব:
গবেষণায় আরও দেখা গেছে, যাদের মুখে সবসময় হাসি লেগে থাকে, তারা অনেক বেশি বিনয়ী হন। অন্যদের কাছে তারা বেশি পছন্দের এবং যোগ্য বলে বিবেচিত হন। এছাড়াও, হাসিখুশি ব্যক্তিরা কর্মক্ষেত্রে অধিক সৃষ্টিশীল প্রকৃতির হন এবং অন্যান্যদের চেয়ে বেশি অর্থ উপার্জন করেন। হাসি শুধুমাত্র আপনাকে নয়, আপনার চারপাশের পরিবেশকেও আনন্দময় করে তোলে। হাসি অনেকটা সংক্রামক – অন্যকে হাসতে দেখলে আপনারও হাসতে ইচ্ছে করবে। হাসলে মস্তিষ্কের নিউরনগুলো সক্রিয় হয়ে ওঠে, যা সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।
কীভাবে আরও বেশি হাসবেন?
প্রতিদিনের হাসির গড় বাড়াতে চাইলে দিন শুরু করুন হাসতে হাসতে। বাড়িতে বা কর্মক্ষেত্রে প্রাণ খুলে হাসুন। পরিবার, বন্ধুদের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে নিয়মিত হাস্যরসাত্মক বিষয়ে কথা বলুন। হাসলে মুখের পেশিগুলোও নমনীয় হয়, যা চেহারার লাবণ্য ধরে রাখতে সাহায্য করে।