স্থূলতার কারণেই ডায়াবেটিস! অবশেষে কারণ খুঁজে পেলেন গবেষকরা

অতিরিক্ত মোটা বা স্থূল ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি, এটা বহু আগে থেকেই জানা। তবে এর মূল কারণ এতদিন অজানা ছিল গবেষকদের কাছে। সম্প্রতি এক নতুন গবেষণায় এই রহস্যের উন্মোচন হয়েছে। গবেষকরা স্থূলতার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের যোগসূত্র খুঁজে পেয়েছেন, যা এই রোগের নিরাময় ও প্রতিরোধে নতুন দিশা দেখাতে পারে।

সিএসআইআর-ইন্ডিয়ান ইন্সটিটিউট অব কেমিক্যাল বায়োলজির গবেষকরা দুটি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালান। গবেষণায় স্থূল ব্যক্তিদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ এবং স্থূলতার সঙ্গে ডায়াবেটিসের সুস্পষ্ট সম্পর্ক নির্ণয় করতে সক্ষম হন তারা।

গবেষক দলের সদস্য দীপ্যমান গাঙ্গুলি এই আবিষ্কারকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। তিনি বলেন, ‘বহু স্থূল মানুষ টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হন। এমনকি ভারতের গ্রামাঞ্চলেও স্থূলতা বাড়ছে। আমরা এ ধরনের মানুষের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটি সম্ভাব্য কারণ জানতে পেরেছি। এ কারণটির ওপর ভিত্তি করে এখন নতুন ধরনের ওষুধ তৈরি করা সম্ভব হবে, যা ডায়াবেটিস প্রতিরোধ করবে।’

কিন্তু স্থূল ব্যক্তিরা কীভাবে ডায়াবেটিসে আক্রান্ত হন? এই প্রশ্নের উত্তরে গবেষক গাঙ্গুলি জানান, যখন একজন ব্যক্তি স্থূল হয়ে পড়েন, তখন মেদের টিস্যুতে ফ্যাট জমা হতে শুরু করে। গবেষণায় দেখা গেছে, ম্যাক্রোফেজ নামক শরীরের রোগ প্রতিরোধক কোষগুলো ফ্যাট টিস্যুকে ফুলিয়ে তোলে। এর ফলে মেডিয়েটর্স কেমিক্যাল তৈরি হয়, যার নাম সাইটোকাইন। এই সাইটোকাইন শরীরের অভ্যন্তরে প্রদাহ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যা টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ।

এই গুরুত্বপূর্ণ গবেষণাটির ফলাফল সম্প্রতি ডায়াবেটিস জার্নালের আগস্ট সংখ্যায় প্রকাশিত হয়েছে। গবেষকদের এই আবিষ্কার স্থূলতাজনিত ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে এই রোগের প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।