সামাজিক মাধ্যমে ফিটনেস প্রদর্শনের প্রবণতা আসলে ‘নার্সিসিজম’, বলছে নতুন গবেষণা

বর্তমান সময়ে জিমে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার প্রবণতা অনেক বেড়েছে। অনেকেই নিজেদের শারীরিক পরিবর্তন এবং ফিটনেস রুটিন নিয়মিতভাবে শেয়ার করেন। কিন্তু কেন মানুষ এমনটা করে? লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের একটি নতুন গবেষণা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে। গবেষকদের মতে, এই প্রবণতা মূলত আত্মপ্রচারের সঙ্গে সম্পর্কিত এবং এক ধরনের মানসিক রোগের লক্ষণ।

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত জিমে তোলা ছবি বা ফিটনেস সংক্রান্ত পোস্ট করেন, তারা মূলত নিজেদের শারীরিক সৌন্দর্য অন্যদের সামনে তুলে ধরতে অস্থির হয়ে থাকেন। তারা দেখাতে চান যে, নিজেদের ফিটনেস বজায় রাখার জন্য তারা কতটা পরিশ্রম করছেন। গবেষকদের মতে, ফিটনেস সম্পর্কিত পোস্টগুলো অন্যান্য সাধারণ পোস্টের তুলনায় অনেক বেশি লাইক ও কমেন্ট পায়, যা পোস্টকারীদের উৎসাহিত করে।

ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মার্শাল বলেন, যারা ঘন ঘন এই ধরনের পোস্ট করেন, তাদের প্রধান উদ্দেশ্য থাকে আত্মপ্রচার বা ‘নার্সিসিজম’। বেশি লাইক ও কমেন্ট পাওয়ার আকাঙ্ক্ষা তাদের কাছে এক ধরনের নেশায় পরিণত হয়। ড. মার্শাল দৃঢ়ভাবে এই প্রবণতাকে একটি মারাত্মক মানসিক রোগ হিসেবে বর্ণনা করেছেন।

গবেষণাটি আরও ইঙ্গিত দেয় যে, এই ধরনের পোস্টের মাধ্যমে মানুষ নিজেদের সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে চায়। তাদের ধারণা, এভাবে তারা বন্ধুদের মনোযোগ আকর্ষণ করতে পারবে এবং নিজেদের প্রতি তাদের আগ্রহ বাড়াতে পারবে। তবে এই অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ, এটি মানুষের মধ্যে অন্যের কাছ থেকে ক্রমাগত প্রশংসা পাওয়ার ওপর নির্ভরশীলতা তৈরি করে।