সাবধান! বেশি ঝাল খাচ্ছেন? রান্নায় অতিরিক্ত মরিচের গুঁড়া ডেকে আনতে পারে যে ৫ বিপদ

রন্ধনশিল্পে মরিচের গুঁড়া একটি অপরিহার্য উপকরণ। এর ব্যবহারে রান্নার রঙ যেমন উজ্জ্বল হয়, তেমনি স্বাদেও আসে এক বাড়তি মাত্রা। ভারতীয় এবং দেশীয় খাবারের এটি একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু জানেন কি, স্বাদ বাড়ানোর এই উপকরণটি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে? চিকিৎসকরা অতিরিক্ত ঝাল খাবার খাওয়া সম্পর্কে সতর্কতা জারি করেছেন।

বদহজম ও পেটের সমস্যা
মরিচে থাকা ক্যাপসাইসিন নামক একটি উপাদান আমাদের পাচনতন্ত্রের ওপর সরাসরি প্রভাব ফেলে। নিয়মিত ঝাল যুক্ত খাবার খেলে হজমের গোলযোগ দেখা দিতে পারে। এর ফলে গ্যাস, অ্যাসিডিটি, এমনকি ডায়রিয়ার ঝুঁকিও বেড়ে যায়। প্রতিদিন অতিরিক্ত ঝাল দেওয়া খাবার খেলে পেটের নানা ধরনের জটিল সমস্যা দেখা দেওয়া অস্বাভাবিক নয়।

আলসার হওয়ার ঝুঁকি
স্টমাক আলসার হলো পেটের অন্যতম গুরুতর একটি রোগ। মরিচের গুঁড়ায় অ্যাফ্লাটক্সিন নামে একটি ক্ষতিকর উপাদান থাকে, যা পেটের আলসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়ায়। নিয়মিত বেশি ঝাল খেলে এই ঝুঁকি আরও বেড়ে যায়।

বমিভাব ও পেটে ব্যথা
গবেষণায় দেখা গেছে, নিয়মিত শুকনো মরিচের গুঁড়া খেলে বমি এবং বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মরিচের গুঁড়া তীব্র পেটে ব্যথারও কারণ হতে পারে। বিশেষত শিশুদের জন্য এটি আরও বেশি ক্ষতিকর।

দুশ্চিন্তা বৃদ্ধি
মরিচের গুঁড়ায় এমন কিছু উপাদান থাকে যা শরীরে এন্ডোর্ফিন নামক হরমোনের ক্ষরণ বাড়ায়। যদিও এই হরমোনকে অনেক সময় ‘সুখের হরমোন’ বলা হয়, কিন্তু এর অতিরিক্ত ক্ষরণ মানসিক চাপ এবং দুশ্চিন্তা বাড়াতে পারে। তাই বেশি ঝাল খেলে মানসিক অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।

মুখে ঘা ও সংক্রমণ
অনেকেরই মরিচের ঝাল সহ্য করার ক্ষমতা কম থাকে। অতিরিক্ত ঝাল খেলে মুখের ভেতরে ফুসকুড়ি বা ঘা হতে পারে। এই মশলার প্রভাবে মুখগহ্বরে সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের অসুস্থতা দেখা দেওয়ার আগেই সচেতন হওয়া জরুরি। সুস্থ থাকতে হলে প্রতিদিনের রান্নায় মরিচের গুঁড়ার ব্যবহার কমানোর চেষ্টা করা উচিত।