সাদা শার্টের কলারের ময়লা নিয়ে জেরবার? এই ঘরোয়া উপায়েই হবে সমাধান!

গরমকালে সাদা বা হালকা রঙের শার্ট আরামের বিকল্প নেই। তবে এই পছন্দের পোশাকটির কলারেই যত বিপত্তি! দিনের পর দিন পরলে ঘাম ও ধুলোবালির কারণে কলারের অংশে কালচে বা হলদেটে দাগ বসে যায়। ওয়াশিং মেশিনে ধুলেও অনেক সময় এই দাগ সহজে উঠতে চায় না। হাত দিয়ে ঘষলেও যেন জেদি দাগ সরতে চায় না। আর এই নোংরা কলারের শার্ট বারবার পরলে দাগ স্থায়ী হয়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে। তবে চিন্তা নেই, আপনার হাতের কাছে থাকা কিছু সাধারণ জিনিস দিয়েই এই কঠিন দাগ দূর করা সম্ভব।
লেবুর রস:
লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুণাগুণ কলারের দাগ তুলতে দারুণ কাজে দেয়। প্রথমে শার্টের কলারে পর্যাপ্ত পরিমাণে লেবুর রস লাগিয়ে নিন। মিনিট দশেক এভাবেই রেখে দিন। এরপর সাধারণ সাবান জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলুন। দাগ দেখবেন হালকা হয়ে গেছে। প্রয়োজনে পদ্ধতিটি পুনরাবৃত্তি করতে পারেন।
পুরোনো টুথব্রাশ:
কাপড় কাচার পাউডার বা লিকুইড সাবান সরাসরি কলারের দাগের উপর লাগান। এরপর শার্টটি হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার একটি অব্যবহৃত নরম টুথব্রাশ দিয়ে দাগের অংশ আলতো করে ঘষে ঘষে ময়লা তুলে ফেলুন। সবশেষে ঠান্ডা জলে ধুয়ে নিন।
বেকিং সোডা:
বেকিং সোডা দাগ তোলার অন্যতম পরিচিত উপাদান। প্রথমে শার্টটি সামান্য জলে ভিজিয়ে নিন। এরপর দাগের উপর প্রায় দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে দিন। একটি নরম ব্রাশ ব্যবহার করে আলতো হাতে দু’মিনিট ঘষুন। নোংরা সহজেই উঠে আসবে।
বাসন মাজার তরল সাবান:
হ্যাঁ, আপনার রান্নাঘরের বাসন মাজার লিকুইড সাবানও পোশাকের কঠিন দাগ তুলতে সক্ষম। সামান্য পরিমাণে তরল সাবান সরাসরি কলারের দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন। কলারের দাগ উঠে যাবে। তবে মনে রাখবেন, এই সাবান শুধুমাত্র কলারের দাগ তোলার জন্যই ব্যবহার করুন, শার্টের অন্য অংশে এর প্রয়োজন নেই।
এই সহজ ঘরোয়া উপায়গুলো অবলম্বন করে আপনি আপনার পছন্দের সাদা শার্টের কলারের জেদি ময়লা সহজেই দূর করতে পারবেন এবং আপনার পোশাকটিকে নতুনের মতো রাখতে পারবেন।