সময় জ্ঞান ছোট থেকেই শেখান: আপনার সন্তানকে সময়ানুবর্তী করে তোলার সহজ উপায়

আজকের দ্রুতগতির জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। ছোটবেলা থেকেই সন্তানকে সময়ের সঠিক ব্যবহার শেখানো অত্যন্ত জরুরি। কারণ সময়ানুবর্তিতা না জানলে বড় হয়ে যখন তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হবে, তখন সময়ের অভাবে ভুগতে পারে। তাই কী ভাবে সময়ের কাজ সময়ে শেষ করতে হবে, তা ছোট থেকেই আপনাকে শেখাতে হবে।
কিন্তু কীভাবে নিজের সন্তানকে সময়ের গুরুত্ব বোঝাবেন? জেনে নিন কিছু কার্যকরী টিপস:
১. অভিভাবক হিসেবে উদাহরণ তৈরি করুন
অধিকাংশ সময় বাচ্চারা মা-বাবাকে দেখেই শেখে। তাই প্রথমে অভিভাবকদেরই সময়ের গুরুত্ব দেওয়া শিখতে হবে। আপনারাই যদি সময় নষ্ট করেন, তাহলে আপনার দেখাদেখি বাচ্চারাও তাই শিখবে। তাই অভিভাবকদের উচিত সময় মেনে চলা, যাতে সন্তানও তাদের অনুসরণ করে।
২. প্রশংসা ও পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করুন
আপনার সন্তান সময় মেনে কোনো কাজ করে থাকলে বা আপনার দেওয়া সময়ের মধ্যে কাজ সম্পন্ন করলে তার প্রশংসা করুন, পাশাপাশি কোনো পুরস্কারও দিন। এর ফলে তারা আগামী দিনেও সময় মেনে কাজ করার তাগিদ অনুভব করবে। সময়ানুবর্তিতা তাদের অভ্যাসে পরিণত হবে।
৩. ঘড়ি ও ক্যালেন্ডার ব্যবহার শেখান
বাচ্চাদের কাছেও ঘড়ি বা ক্যালেন্ডার থাকা অত্যন্ত জরুরি। কারণ ঘড়ি বা ক্যালেন্ডার দেখে তারা সময়ের হিসাব করতে পারবে। এক্ষেত্রে ঘুম থেকে ওঠার সময়, পড়াশোনা, গোসল, খাওয়া-দাওয়া ও ঘুমানোর সময়ের তালিকা বানিয়ে দিন। বিভিন্ন কাজের জন্য রিমাইন্ডার বা অ্যালার্ম সেট করে রাখুন। আবার কোনো বিশেষ কাজ থাকলে, কোন দিন কোন কাজ করতে হবে, তারও একটি তালিকা দিয়ে দিন।
৪. আত্মবিশ্বাস বাড়ান
যে বাচ্চাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে, তারা থেমে থেমে কাজ শেষ করে। তাই নিজের সন্তানকে আশ্বস্ত করুন যে, আপনি তাকে বিশ্বাস করেন এবং সে সময় মতো কাজ পূর্ণ করতে পারবে। মা-বাবার সন্তানের ওপর বিশ্বাস বজায় রাখলে ধীরে ধীরে তারা নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে।
৫. প্রতিজ্ঞা পূরণের গুরুত্ব শেখান
কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা সময়ের মধ্যে পূরণ করা কতটা জরুরি, তা-ও তাদের শেখাতে হবে। আপনার সন্তান যদি কাউকে কোনো নির্দিষ্ট সময়ে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে তা পূরণ করার জন্য তাদের উৎসাহিত করুন। এর ফলে অন্যরাও আপনার সন্তানের ওপর ভরসা করবে। অন্যের বিশ্বাস অর্জনের মাধ্যমে বাচ্চাদের মধ্যে সময়ানুবর্তিতা ও সততা বিকশিত হবে।
৬. সঠিক পথে পরিচালনা করুন
সন্তানকে সঠিক পথ দেখানো মা-বাবার প্রধান দায়িত্ব। সময় বুঝে সন্তানের পথ প্রদর্শন করতে হবে। সন্তান যদি আপনার দেওয়া কাজ পূর্ণ করতে না পারে, তাহলে তাদের উৎসাহিত করুন এবং কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পথ প্রদর্শন করুন।
৭. ধৈর্য ধরুন, কঠোর হবেন না
সন্তান যদি সময় মেনে না চলে বা অভিভাবকদের দেওয়া কাজ পূর্ণ না করে, তাহলে মা-বাবারা তাদের প্রতি কঠিন ব্যবহার করে থাকেন। কিন্তু এর ফলে হিতে বিপরীত হতে পারে। কারণ বাচ্চাদের মনোবল ভেঙে যাবে এবং আত্মবিশ্বাসের অভাবও দেখা দিতে পারে তাদের মধ্যে। শত চেষ্টা সত্ত্বেও যদি বাচ্চারা ধীরে ধীরে কাজ করে, তাহলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে তাদের মানসিক স্বাস্থ্য উন্নতির চেষ্টা করুন।