অনেকেই বলেন, ভালো সম্পর্ক অনেকটা সহজ নদীর মতো আপন গতিতে বয়ে চলে। আবার কেউ কেউ মনে করেন, সম্পর্ক মানেই অনেক পরিশ্রম আর আপস। আসলে দুটি ধারণাই আংশিক সত্য। একটি সুস্থ এবং সুন্দর সম্পর্কের কিছু নির্দিষ্ট লক্ষণ থাকে যা দেখে আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনার পথ চলা কতটা সঠিক।
আপনার সম্পর্ক ‘পারফেক্ট’ কি না, তা বুঝতে মিলিয়ে নিন এই ৫টি বিষয়:
১. রাগের মাথায় অসম্মান নয়: মতবিরোধ বা ঝগড়া প্রতিটি সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু রাগের মাথায় আপনার সঙ্গী আপনার সঙ্গে কেমন আচরণ করেন? তিনি কি চিৎকার করে আপনাকে ছোট করেন, নাকি ধৈর্যের সঙ্গে কথা বলেন? মনে রাখবেন, সম্পর্কে ভালোবাসার চেয়েও সম্মানের জায়গাটি অনেক বড়। অপমানের পর ভালোবাসা অর্থহীন।
২. দ্বিমত পোষণ করার স্বাধীনতা: দুটি ভিন্ন রুচি ও মানসিকতার মানুষ যখন একসঙ্গে থাকে, তখন সব বিষয়ে মিল হবে না—এটাই স্বাভাবিক। আপনি হয়তো রাজনীতি বা সিনেমা নিয়ে ভিন্ন মত রাখেন। সুস্থ সম্পর্কের লক্ষণ হলো, সঙ্গীর ওপর নিজের মতামত চাপিয়ে না দিয়েও পাশাপাশি থাকা। একে অপরের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানোই হলো প্রকৃত সহাবস্থান।
৩. দায়িত্ব যখন ভাগ করা: ঘরের কাজ হোক বা বাইরের সমস্যা—আপনারা কি একে অপরের বোঝা ভাগ করে নেন? শুধু রুমমেটের মতো কাজ ভাগ করা নয়, বরং একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়ানোই সুস্থ সম্পর্কের লক্ষণ। শুক্রবার রাতে একজন রান্না করলে অন্যজন যদি বাসন মাজার দায়িত্ব নেন, তবে বুঝবেন আপনাদের রসায়ন দারুণ!
৪. প্রতিশ্রুতি যখন পারস্পরিক: সম্পর্ক মানে শুধু ভালো দিনগুলোতে হাসিমুখে পাশে থাকা নয়। জীবনের কঠিন সময়ে, যখন সব কিছু ভেঙে পড়ছে, তখনও কি আপনার সঙ্গী আপনার হাতটা শক্ত করে ধরে আছেন? প্রতিশ্রুতি বা ‘কমিটমেন্ট’ যখন দুতরফা হয়, তখনই সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।
৫. মুখোশহীন আপনি: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে প্রকাশ করার স্বাধীনতা। সঙ্গীর সামনে কি আপনাকে অন্য কারও মতো ভান করতে হয়? নাকি আপনি যেমন, ঠিক তেমনই থাকতে পারেন? যদি আপনার প্রকৃত স্বভাব নিয়েও সঙ্গী আপনাকে গ্রহণ করেন, তবে জানবেন আপনি একটি ‘গ্রিন সিগনাল’ বা সুস্থ সম্পর্কের মধ্যে আছেন।