সঙ্গীর মনে কি অন্য কেউ? এই ৫ লক্ষণ দেখলে সাবধান হোন!

সম্পর্কের পথে ঝগড়া-বিবাদ, খুনসুটি, অভিমান—এসব তো থাকবেই। কিন্তু দীর্ঘদিনের অভিমান বা রাগ পুষে রাখলে সম্পর্কে ঘুণপোকা ধরতে পারে। সেই ঘুণপোকা ধীরে ধীরে আপনার ভালোবাসার বাঁধন আলগা করে দিতে পারে।
অনেকেই প্রেম বা বিয়ের পরেও সঙ্গীর মনের গভীরে কী চলছে, তা বুঝে উঠতে পারেন না। এমন পরিস্থিতিতে একজন সম্পর্কে থাকা সত্ত্বেও অন্য কারও প্রতি আকৃষ্ট হতে পারেন। যদিও এটি কাম্য নয়, তবে এর জন্য সঙ্গীকে দোষারোপ না করে বরং কেন এমন হচ্ছে, তা জানার চেষ্টা করা জরুরি।
অনেক সময় নারী বা পুরুষ সম্পর্কে দীর্ঘদিন ধরে মানসিক বা শারীরিক নির্যাতন সহ্য করেন। হয়তো ক্ষণিকের জন্য সব ঠিক হয়ে যায়, কিন্তু সেই তিক্ত স্মৃতি মনে কোথাও না কোথাও প্রভাব ফেলে। এভাবে ধীরে ধীরে সম্পর্ক দুর্বল হতে থাকে। একপর্যায়ে হয়তো নির্যাতিত সঙ্গী সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, যদিও সরাসরি তা প্রকাশ করেন না। তবে এর কিছু লক্ষণ দীর্ঘ দিন ধরে প্রকাশ পায়। এই লক্ষণগুলো দেখলে সতর্ক হোন, কারণ এগুলো আপনার সঙ্গীর দূরে সরে যাওয়ার ইঙ্গিত হতে পারে!
>> হঠাৎ করে দূরত্ব: যদি আপনার মনে হয় সঙ্গী আর আগের মতো আপনাকে বিশেষ সময় দিচ্ছেন না বা ভালোবাসছেন না, তাহলে সতর্ক থাকুন। তার সঙ্গে খোলা মনে কথা বলুন। তবে সন্দেহবশত প্রিয়জনের সঙ্গে ঝগড়া করবেন না। এটি সম্পর্ক নষ্ট হওয়ার প্রধান কারণ হতে পারে।
>> কাজের অজুহাত: হয়তো সঙ্গী আগে আপনাকে অনেক সময় দিতেন, কিন্তু এখন তিনি বারবার কাজের অজুহাত দেখাচ্ছেন! এই লক্ষণটিও কিন্তু ভালো নয়। কারণ যত ব্যস্ততা থাকুক না কেন, প্রিয়জনের প্রতি সবাই যত্নশীল থাকেন।
>> বারবার এড়িয়ে যাওয়া: নানা অজুহাত দেখিয়ে সঙ্গী যদি আপনাকে বারবার এড়িয়ে চলেন, সেক্ষেত্রে সমস্যা থাকতে পারে। হয়তো তিনি অন্য কোথাও সেই সময়টুকু দিচ্ছেন অথবা আপনার সঙ্গে সময় কাটাতে এখন আর তার ভালো লাগছে না!
>> তুচ্ছ কারণে ঝামেলা: প্রায় প্রতিদিনই কি সঙ্গীর সঙ্গে আপনার সাধারণ বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে? দাম্পত্য জীবনে বিরক্তি এলে এমন সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে।
>> অবহেলিত বোধ: উপরোক্ত বিষয়গুলো যখন বারবার ঘটতে থাকে, তখন স্বাভাবিকভাবেই আপনি নিজেকে অবহেলিত ভাবতে শুরু করবেন! তখন আর কিছুই ভালো লাগবে না।
যদিও এই লক্ষণগুলো প্রমাণ করে আপনাদের সম্পর্কে আর আগের মতো উষ্ণতা নেই, তবুও হতাশ হওয়ার কিছু নেই। চাইলে এখনও নতুন করে শুরু করা যেতে পারে। পারস্পরিক বোঝাপড়া, আলোচনা এবং ভালোবাসার মাধ্যমে সম্পর্কের পুরনো রঙ ফিরিয়ে আনা সম্ভব।