শার্টের সঙ্গে নিয়মিত টাই পরেন? এর প্রভাবে কী হতে পারে জানেন?

অফিসের ড্রেসকোডের কারণে অথবা নিজেকে স্মার্ট দেখানোর উদ্দেশ্যে অনেকেই শার্টের সঙ্গে নিয়মিত টাই পরে থাকেন। আর টাই পরার একটি অলিখিত নিয়ম হচ্ছে, এটি কিছুটা টাইট করে বাঁধা। কিন্তু সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, টাইট করে বাঁধা টাই মস্তিষ্কে রক্তপ্রবাহকে বিঘ্নিত করতে পারে।
গবেষকরা জানান, টাইট করে টাই পরলে গলার শিরায় চাপ সৃষ্টি হয়, যা মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধা দিতে পারে এবং অস্বাস্থ্যকর চাপের সৃষ্টি করতে পারে। জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল স্ক্লেসউইগ-হোলস্টেইনের গবেষকদের মতে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ না হলেও, যাদের ইতিমধ্যেই রক্তচাপের সমস্যা আছে, যারা ধূমপান করেন অথবা যারা বয়স্ক, তাদের জন্য এটি সমস্যা তৈরি করতে পারে।
পূর্বের গবেষণায় টাই বাঁধার সঙ্গে চোখে চাপ পড়ার সংযোগ পাওয়া গেছে, যা গ্লুকোমা হওয়ার ঝুঁকি বাড়ায়। এই নতুন গবেষণার লক্ষ্য ছিল, টাই পরিধান কীভাবে মস্তিষ্কসংক্রান্ত রক্তপ্রবাহ এবং গলার শিরার রক্তপ্রবাহকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, তা আরও গভীরভাবে অনুসন্ধান করা।
গবেষণার ফলাফল
এমআরআই স্ক্যান ব্যবহার করে গবেষক দলটি ৩০ জন পুরুষ স্বেচ্ছাসেবককে বিশ্লেষণ করেন। এদের মধ্যে ১৫ জন টাইট করে নেকটাই পরেছিলেন এবং অবশিষ্ট ১৫ জন কোনো নেকটাই পরেননি। গবেষণায় দেখা গেছে, যারা নেকটাই পরেছেন, তাদের সেরিব্রাল ব্লাড ফ্লো বা মস্তিষ্কসংক্রান্ত রক্তপ্রবাহ গড়ে ৭.৫ শতাংশ কমে গেছে। তবে, যারা নেকটাই পরেননি, তাদের রক্তপ্রবাহে এমন কোনো হ্রাস দেখা যায়নি। গবেষকরা বলছেন, টাইয়ের অতিরিক্ত চাপ রক্তনালীতে চাপ ফেলার কারণেই এই পার্থক্য হতে পারে। তবে, উভয় গ্রুপের কারো মধ্যেই শরীরের অন্যান্য অংশে শিরাসংক্রান্ত রক্তপ্রবাহে কোনো প্রভাব পড়েনি।
মস্তিষ্কের স্বাস্থ্যের গুরুত্ব
মস্তিষ্কে সঠিক রক্তপ্রবাহ এর সঠিক কার্যক্রম সম্পাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তপ্রবাহ মস্তিষ্কের কোষকে তার কাজের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, গ্লুকোজ ও পুষ্টি সরবরাহ করে। রক্তপ্রবাহ বিঘ্নিত হলে সাময়িক সমস্যা দেখা দিতে পারে অথবা তীব্র ক্ষেত্রে স্থায়ী ক্ষতি হতে পারে।
নিউরোসায়েন্স রিসার্চ অস্ট্রেলিয়ার স্টিভ কাসেম (যিনি এই গবেষণার সঙ্গে জড়িত ছিলেন না) নিউ সায়েন্টিস্ট ডটকমকে বলেন, “এই ৭.৫ শতাংশ হ্রাস তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য উপসর্গ সৃষ্টি করার সম্ভাবনা রাখে না। কিন্তু যেসব লোকের রক্তপ্রবাহ সংক্রান্ত সমস্যা আছে, যারা ধূমপান করেন, বয়স্ক হয়েছেন বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা অত্যধিক ঝুঁকিতে থাকতে পারেন। তাদের মাথাব্যথা, মাথাঘোরা ও বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে।”
যদিও রক্তপ্রবাহের এই হ্রাস খুব বেশি ক্ষতিকারক নয়, তবে এটি টাই ঢিলা করা অথবা না পরার একটি অজুহাত হতে পারে! গবেষক দলটি এই গবেষণাকে আরও বিস্তৃত করতে চান, যাতে টাই বাঁধা সংক্রান্ত ঝুঁকিতে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যের ওপর টাই পরিধানের বড় ধরনের নেতিবাচক প্রভাব আছে কিনা, তা আরও ভালোভাবে জানা যায়। এখন টাই টাইট করে পরবেন নাকি ঢিলা করে পরবেন, তা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।