শরীরচর্চার আগে কফি পান: বাড়তি ক্যালরি ঝরাতে সহায়ক

কফির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অনেকেই এর উপকারিতা না জেনেও নিয়মিত কফি পান করেন। কফি পান করলে শরীর ও মন সতেজ থাকে এবং এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা।
গবেষকরা শরীরচর্চার আগে এক কাপ কফি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, শরীরচর্চার পূর্বে কফি পান করলে শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরে যায়।
‘দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অব স্পোর্ট নিউট্রিশন অ্যান্ড এক্সারসাইজ মেটাবলিজম’-এ প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায়, যে সকল খেলোয়াড় শরীরচর্চার আগে এক কাপ গরম কফি পান করেন, তারা শরীরচর্চার পরে ১৫ শতাংশ বেশি ক্যালরি খরচ করতে সক্ষম হন।
গবেষণার পর্যবেক্ষণে আরও দেখা গেছে, সকালে কফি পান করলে ক্যালরি গ্রহণে নিয়ন্ত্রণ আসে। যারা ক্যাফেইন গ্রহণ করেন, তারা অন্যদের তুলনায় গড়ে ৭২ ক্যালরি কম গ্রহণ করেন।
কফি পানের আরও কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হলো:
১. সকালে ঘুম থেকে ওঠার পর এক কাপ কফি পান করলে দ্রুত ঘুম ঘুম ভাব দূর হয়। ফলে শরীরচর্চা করতে সুবিধা হয়।
২. যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ ইলিনয়েস’-এর এক গবেষণায় দেখা গেছে, শরীরচর্চার পর কফি পান করলে পেশির ব্যথা কমে যায়।
৩. শরীরচর্চার সময় ক্লান্তি অনুভব করলে এক কাপ গরম এক্সপ্রেসো পান করতে পারেন। এটি ক্লান্তি ছাড়াই দীর্ঘক্ষণ শরীরচর্চা করতে সাহায্য করে।
৪. ব্যায়াম করার সময় মনোযোগ ধরে রাখতে এক কাপ কফি সহায়ক হতে পারে। এটি আঘাত পাওয়ার ঝুঁকিও কমাতে পারে।
সুতরাং, যারা শরীরচর্চার মাধ্যমে নিজেদের ফিট রাখতে চান, তাদের জন্য শরীরচর্চার আগে পরিমিত পরিমাণে কফি পান একটি কার্যকর অভ্যাস হতে পারে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত কফি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।