মস্তিষ্কের শক্তি বাড়াতে আখরোট, নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিসও

দেখতে অনেকটা হৃৎপিণ্ডের মতো, বাদাম জাতীয় ফল আখরোট। স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এর জুড়ি মেলা ভার। পর্যাপ্ত পরিমাণে ফাইবার, ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং আয়রন থাকার কারণে আখরোট অন্যতম সুপারফুডে পরিণত হয়েছে। পুষ্টিবিদদের মতে, নিয়মিত আখরোট খেলে পাওয়া যায় অনেক স্বাস্থ্য উপকারিতা।
আখরোট খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম না থাকলেও, প্রতিদিনের খাদ্যতালিকায় এই খাবারটি রাখলেই স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। তবে পুষ্টিবিদরা মনে করেন, সারারাত ভিজিয়ে রেখে সকালে আখরোট খেলে এর উপকারিতা আরও বেশি পাওয়া যায়। এজন্য রাতে ২ থেকে ৪টি আখরোট ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন। নিয়মিত আখরোট খেলে যেসব উপকারিতা পাওয়া যায়:
ডায়াবেটিসের জন্য উপকারী: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতিদিন আখরোট খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। বিশেষ করে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য এটি বেশ উপকারী।
ক্যান্সার নিয়ন্ত্রণে সাহায্য করে: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আখরোট শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে সাহায্য করে।
মানসিক চাপ কমায়: ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট মানসিক চাপ ও হতাশা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত আখরোট খেলে মন ভালো থাকে।
ওজন কমাতে সহায়ক: আখরোটে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার ও জিঙ্ক রয়েছে। নিয়মিত আখরোট খেলে শরীরের বিপাক প্রক্রিয়া উন্নত হয়, যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা অনুভূত করায় এবং অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে।
ভালো ঘুম এনে দেয়: আখরোট বিপাক প্রক্রিয়া উন্নত করার মাধ্যমে ভালো ঘুমাতে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আখরোট খেলে ঘুমের গুণগত মান বাড়ে।
হাড় ও দাঁতের স্বাস্থ্য উন্নত করে: স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়ামের উপস্থিতির কারণে আখরোট হাড় ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক ভূমিকা পালন করে।
কোলেস্টেরল কমায়: নিয়মিত আখরোট খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের (এলডিএল) পরিমাণ কমে যায়। এর ফলে হৃৎপিণ্ড সুস্থ থাকে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।
আখরোট কেবল একটি সুস্বাদু খাবারই নয়, এটি আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য পুষ্টির উৎস। তাই সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় আখরোট অন্তর্ভুক্ত করা উচিত।