শখের কাচের বাসন থেকে হলুদের দাগ দূর করবেন যেভাবে?

কাচের বাসনে ময়লা সহজে বসে না ঠিকই, কিন্তু বেশি তেল-মসলাযুক্ত খাবার রাখলে ধীরে ধীরে তা হলুদ হয়ে যেতে পারে। শখের কাচের বাসনপত্র ঝকঝকে ও নতুনের মতো রাখতে কিছু সহজ উপায় জেনে নিন।
হলুদের দাগ দূর করার সহজ উপায়:
চাল ধোয়া জল: কাচের বাসন কিছুক্ষণ চাল ধোয়া জলে ডুবিয়ে রাখুন। এরপর ধুয়ে নিলেই দেখবেন বাসনগুলো ঝকঝকে হয়ে গেছে।
লবণ ও ভিনেগার: দীর্ঘদিন ব্যবহারের ফলে কাচের কাপ ও প্লেট হলদে হয়ে গেলে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। তারপর লবণ ও স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করুন, হলুদের দাগ চলে যাবে। সাবান দিয়ে ধোয়ার পর একবার ভিনেগার মেশানো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে আরও ভালো ফল পাবেন, এতে তেলতেলে ভাব দূর হবে। এছাড়া, পরিষ্কার সুতি কাপড়ে সামান্য ভিনেগার ঢেলে বাসন মুছে নিলেও নতুনের মতো ঝকঝকে হবে।
লেবুর রস: কুসুম গরম জলে চার টেবিল চামচ লেবুর রস মিশিয়ে কাচের বাসন তাতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর মাইল্ড সোপ দিয়ে ধুয়ে নিন।
বেকিং সোডা: কুসুম গরম জলে সামান্য বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে কাচের বাসনের দাগ চলে যাবে।
কাচের বাসন পরিষ্কার রাখার অন্যান্য টিপস:
দ্রুত মুছে ফেলুন: বাসন ধোয়ার পর বেশিক্ষণ ফেলে রাখবেন না। সঙ্গে সঙ্গে ভালোভাবে মুছে ফেলুন, নাহলে জলের সাদাটে দাগ বসে যাবে।
পেপার টাওয়েল ব্যবহার: বাসন মোছার জন্য স্পঞ্জ বা একই কাপড় বারবার ব্যবহার করবেন না। পেপার টাওয়েল ব্যবহার করুন, এতে জীবাণু কম ছড়াবে।
নরম স্পঞ্জ ব্যবহার: খসখসে বা মেটাল স্ক্রাবার দিয়ে কখনোই কাচের বাসন ঘষবেন না। এতে বাসনে চিড় ধরতে পারে বা স্ক্র্যাচ পড়ে বাসন নষ্ট হতে পারে। সব সময় নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন।
ভাঙা রোধে টিপস: পরিষ্কার করতে গিয়ে কাপ বা প্লেটের কোণা ভেঙে যাওয়া একটি সাধারণ ঘটনা। এটি এড়াতে কাচের বাসন ধোয়ার সময় সিঙ্কে একটি টাওয়েল পেতে দিন। তার উপর বাসন রাখুন, এতে বাসন সহজে ভাঙবে না।
গ্লাস পরিষ্কার: কাচের গ্লাস পরিষ্কার করার সময় গ্লাসে কিছুটা সাদা ভিনেগার ঢেলে দিন। গ্লাসের গায়ে ভালো করে ভিনেগার লাগিয়ে নিতে হবে। এবার গ্লাসে এক টেবিল চামচ ভাত দিয়ে ঢেকে ঝাঁকিয়ে নিন। গ্লাস ঝকঝকে হয়ে যাবে।
এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার শখের কাচের বাসনপত্র দীর্ঘদিন নতুনের মতো ঝকঝকে রাখতে পারবেন।