আমাদের দৈনন্দিন জীবনে কমবেশি সবারই সিঁড়ি ব্যবহারের প্রয়োজন হয়। অফিস, উড়ালপুল, শপিং মল কিংবা নিজের বাড়ি—লিফটের আরাম ত্যাগ করে সিঁড়ি ব্যবহারের অভ্যাস গড়তে পারেন। এতে আপনার অজান্তেই মিলবে অনেক স্বাস্থ্য উপকারিতা। ব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য আলাদা সময় বের করা কঠিন হলেও, ছোটখাটো কিছু পরিবর্তনে সেই অভাব অনেকটাই পূরণ করা সম্ভব।
সিঁড়ি দিয়ে উঠলে হয়তো শুরুতে কিছুটা কষ্ট হবে, তবে এটি একটি চমৎকার কার্ডিওভাস্কুলার ব্যায়াম। সুস্থ থাকতে তাই সিঁড়িতে ওঠানামা করার অভ্যাস বেছে নিতে পারেন। নিয়মিত সিঁড়ি ভাঙার অভ্যাসের ফলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। এছাড়াও, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সম্ভাবনাও হ্রাস পায়।
বিশ্বাস করুন, দিনে যদি আপনি অন্তত ৪০টি সিঁড়ি ভাঙার অভ্যাস করেন, তাহলে আপনার পায়ের পেশি ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে। পায়ের শক্তি বৃদ্ধির পাশাপাশি এই কার্ডিও অ্যাক্টিভিটির কারণে আপনার শ্বাস নেওয়ার ক্ষমতাও ধীরে ধীরে বাড়বে।
তবে সিঁড়ি ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনার হাঁটুতে কোনো সমস্যা থাকে, তাহলে সিঁড়ি ভাঙার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সিঁড়িতে পা রাখার সময় খেয়াল রাখবেন যেন আপনার পুরো পা সিঁড়ির ধাপে থাকে। পায়ের উপর অতিরিক্ত চাপ দেবেন না এবং তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠানামা করবেন না।
সিঁড়ি দিয়ে ওঠা-নামা করার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা নিচে উল্লেখ করা হলো:
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করলে শরীরের মেটাবলিজম রেট বাড়ে। এর ফলে ক্যালোরি দ্রুত খরচ হয় এবং ওজন কমাতে সাহায্য করে।
হাড় মজবুত করে: সিঁড়ি দিয়ে ওঠানামা করলে অস্টিওপরোসিসের মতো হাড়ের দুর্বলতা জনিত রোগের সম্ভাবনা অনেকখানি কমানো সম্ভব হয়। এটি হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে।
মন ভালো রাখে: যেকোনো ধরনের শারীরিক কার্যকলাপ আমাদের শরীরের পাশাপাশি মনকেও ভালো রাখতে সাহায্য করে। সিঁড়ি ভাঙার ফলে শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা মনকে প্রফুল্ল রাখে।
হৃদয় ও ফুসফুসের কার্যকারিতা বাড়ায়: সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আপনার হৃদয়ের পাশাপাশি ফুসফুসও সুস্থ থাকে। এর ফলে ফুসফুসের অক্সিজেন গ্রহণের এবং কাজ করার ক্ষমতা অনেকখানি বৃদ্ধি পায়। তাই সুস্থ থাকতে লিফটের আরাম ছেড়ে নিয়মিত সিঁড়ি ব্যবহার করার অভ্যাস করুন। আপনার সামান্য এই অভ্যাসই আপনাকে দীর্ঘ ও রোগমুক্ত জীবন দিতে পারে।