লম্বা হলেই বিপদ! উচ্চতার সঙ্গে ৫০টি রোগের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা

একজন ব্যক্তির উচ্চতা মূলত তার আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক গবেষণা এক নতুন তথ্য সামনে এনেছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষের উচ্চতার সঙ্গে বিভিন্ন রোগেরও গভীর সম্পর্ক রয়েছে।
গবেষণায় দেখা গেছে, শারীরিক উচ্চতার উপর নির্ভর করে একজন ব্যক্তির স্নায়ুব্যাধি, ত্বকের সংক্রমণ এমনকি হৃদরোগের ঝুঁকিও থাকতে পারে। প্রায় ৫০টি বিভিন্ন রোগের সঙ্গে মানুষের উচ্চতার সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছেন গবেষকরা।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্রীধরন রাঘবন এবং তার সহকর্মীরা মার্কিন সশস্ত্র বাহিনীর ৩ লাখ ২৩ হাজার ৭৯৩ জন প্রাক্তন সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। এই সদস্যরা জিন, পরিবেশগত কারণ এবং রোগের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, তা জানার জন্য একটি গবেষণা প্রোগ্রামে নথিভুক্ত হয়েছিলেন।
গবেষণা দলটি ৩ হাজার ২৯০টি জিনের গঠন পর্যবেক্ষণ করেন, যা মানুষের উচ্চতা এবং ১০০০টিরও বেশি ক্লিনিকাল বৈশিষ্ট্যের সঙ্গে তাদের সংযোগকে প্রভাবিত করতে পারে।
এই গবেষণার ফলাফলে দেখা গেছে, যাদের উচ্চতা বেশি, তারা অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (অনিয়মিত হৃদস্পন্দন) এবং রক্ত সঞ্চালনের সমস্যায় তুলনামূলকভাবে বেশি ভোগেন।
শুধু তাই নয়, লম্বা হওয়ার সাথে যুক্ত জিন স্নায়ুর ক্ষতি, ত্বক ও হাড়ের সংক্রমণের ঝুঁকিও বাড়িয়ে তোলে। এছাড়াও লম্বা মানুষের মধ্যে পায়ে ও পায়ের পাতায় আলসারের সমস্যাও বেশি দেখা যেতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, লম্বা ব্যক্তিরা বাহ্যিকভাবে আকর্ষণীয় হলেও তাদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেওয়ার প্রবণতা থাকে, যা খাটো মানুষদের মধ্যে তুলনামূলকভাবে কম দেখা যায়। এই কারণে গবেষকরা লম্বা মানুষদেরকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল চেকআপ) করানোর পরামর্শ দিয়েছেন, যাতে কোনো রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং যথাযথ চিকিৎসা শুরু করা সম্ভব হয়। এই গবেষণা উচ্চতা এবং রোগের মধ্যেকার জটিল সম্পর্ককে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।