রক্তে কোলেস্টেরল বেড়েছে কি? যে উপসর্গগুলো দেখলে সতর্ক হবেন!

আধুনিক জীবনে অলসতা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন অনেক রোগের কারণ। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া এর মধ্যে অন্যতম প্রধান সমস্যা। চিকিৎসকদের মতে, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল জমা হলে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে।
সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমেই কোলেস্টেরলের মাত্রা নির্ণয় করা হয়। তবে কিছু বিশেষ উপসর্গ দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে কিনা। জেনে নিন সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলি।
যেসব উপসর্গ দেখলে সতর্ক হবেন:
চোখের চারপাশে ফোলা অংশ: আপনার চোখের নীচে বা চোখের পাতায় যদি সাদাটে বা হলদেটে, ব্যথাহীন ফোলা অংশ দেখতে পান, তবে দ্রুত রক্ত পরীক্ষা করান। এটি চোখের কোনো সমস্যা না হলেও, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকার একটি গুরুত্বপূর্ণ উপসর্গ।
বুকে ব্যথা: যদি কিছুদিন ধরে মাঝে মাঝে বুকে ব্যথা অনুভব করেন, অথচ ইসিজি রিপোর্টে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি, তাহলে একবার রক্ত পরীক্ষা করিয়ে নিন। উচ্চ কোলেস্টেরল রক্তনালীতে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয়। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রে চাপ পড়ে বুকে ব্যথা হতে পারে।
ঘাড় ও মস্তিষ্কের পেছনে ব্যথা: কোলেস্টেরল জমলে মস্তিষ্কেও রক্ত সঞ্চালন কমে যেতে পারে। এর ফলে ঘাড়ে ও মস্তিষ্কের পিছনের দিকে মাঝে মাঝে একটানা ব্যথা অনুভূত হয়।
হৃদস্পন্দন বৃদ্ধি: শারীরিক পরিশ্রম বা উদ্বেগের কারণে হৃদস্পন্দন বাড়া স্বাভাবিক। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি আপনার হৃদগতি মাঝে মাঝেই বেড়ে যায়, তবে আর সময় নষ্ট না করে রক্ত পরীক্ষা করান। উচ্চ কোলেস্টেরল হৃদগতিকে প্রভাবিত করে বাড়িয়ে দিতে পারে।
চোখের মণিতে ধূসর দাগ: খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আপনার চোখের মণির চারপাশে ধূসর রঙের কোনো গোলাকার দাগ দেখা যাচ্ছে কিনা। এটি চোখের সমস্যা নয়, বরং কোলেস্টেরলের কারণেই এমনটা হতে পারে।