মেকআপ ছাড়াই সুন্দর হয়ে উঠতে পারেন যদি মেনে চলেন কিছু সহজ রুটিন। সুস্থ শরীর, সুঠাম ফিগার এবং সুস্থ ত্বক – এই তিনটি থাকলে ফাউন্ডেশন-কমপ্যাক্টের প্রয়োজনই হয় না। হালকা কাজল এবং মিউট লিপ গ্লসই যথেষ্ট। জেনে নিন কীভাবে মেকআপ ছাড়াই নিজেকে সুন্দর করে তুলবেন।
১. পর্যাপ্ত ঘুম
প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন। শরীর ঠিকমতো বিশ্রাম পেলে তবেই হজম ভালো হবে, বাওয়েল পরিষ্কার থাকবে এবং ত্বক উজ্জ্বল লাগবে। ঘুম কম হলেই চোখের নিচে কালি পড়বে, মুখে নানা রকম র্যাশ বেরোবে। তখন সেগুলি ঢাকতে মেকআপ করতে হবে।
২. নিয়মিত স্নান ও স্ক্রাবিং
শীতকালে দিনে একবার এবং গরমকালে দিনে দু’বার ভালো করে সাবান মেখে স্নান করা জরুরি। সপ্তাহে একদিন মুখ ও সারা দেহে স্ক্রাবিং করলে তবেই ত্বক পরিচ্ছন্ন থাকবে এবং মরা কোষ দূর হবে।
৩. লেবু জল পান
প্রতিদিন সকালে উঠে এক কাপ জলে একটি পাতিলেবুর রস মিশিয়ে খেলে শরীরের টক্সিন দূর হবে এবং ত্বক ভেতর থেকে উজ্জ্বল হবে।
৪. সুষম ও পুষ্টিকর খাবার
পুষ্টিকর সুষম ডায়েট সুন্দর ত্বকের চাবিকাঠি। ভাজাভুজি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত মশলা দিয়ে কষা রান্না ইত্যাদি থেকে যত দূরে থাকা যায় ততই ভালো থাকবে ত্বক। প্রচুর শাকসবজি ও ফলমূল খান।
৫. মুখে হাত দেওয়া ছাড়ুন
কারণে-অকারণে মুখে হাত দেওয়ার বদ অভ্যাসটি ছাড়তে হবে। আমরা সারাদিনে বিভিন্ন জায়গায় হাত রাখি, তাই হাতের মধ্যেই সবচেয়ে বেশি জীবাণু থাকে। যতবার মুখে হাত দেওয়া হয়, ততবারই সেগুলোকে মুখের ত্বকে ছড়িয়ে দেওয়া হয়, যা ব্রণ ও র্যাশের কারণ হতে পারে।
৬. নিয়মিত ফেশিয়াল
দু’মাসে একবার ডি-ট্যান পলিউশন ফেশিয়াল করতে হবে। এতে ত্বকের অনেক গভীরে বাসা করে থাকা ধূলিকণাগুলোও পরিষ্কার হয়ে যায় এবং ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল লাগে।
৭. সঠিক ফেসওয়াশ ব্যবহার
মুখ ধোওয়ার সময়ে সাবান বা বডিওয়াশ ব্যবহার করা যাবে না। শুধুই ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। কোনো ওয়াইপ দিয়ে ঘষে ঘষে মুখ পরিষ্কার করবেন না। আর মুখ ধোওয়ার পরে তোয়ালে দিয়ে হালকা করে মুছে নিতে হবে, জোরে ঘষাঘষি করবেন না।
৮. রাতে ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিং (CTM)
প্রতিদিন রাতে শোওয়ার আগে ক্লিনজিং-টোনিং-ময়শ্চারাইজিং (CTM) করা আবশ্যক। রোজ এই তিনটি ধাপ মেনে চললে ত্বকে কোনো ময়লা জমতে পারবে না। তাছাড়া ঘুমোনোর আগে ভালো করে মেকআপ তুলে তবেই ঘুমোবেন।
৯. নাইট ক্রিম ব্যবহার
রাতে শোওয়ার আগে অবশ্যই নাইটক্রিম লাগাতে হবে। সারারাত ক্রিমটি মুখে মাখা অবস্থায় ঘুমোলে সকালে উঠে দেখবেন ত্বক আর্দ্র এবং নরম রয়েছে। এই নিয়মটি যারা মেনে চলেন, তাদের মুখে বলিরেখা আসতে দেরি হয়।
১০. হেয়ার মাসাজ ও স্পা
মাঝেমধ্যে হেয়ার মাসাজ করে স্পা করাতে হবে। মুখের ত্বকে অনেক সময় ছোট ছোট ব্রণের মতো র্যাশ দেখা যায়, যা খুসকির জন্য হয়। চুলের গোড়া পরিষ্কার থাকলে তা হবে না। তাছাড়া চুল ভালো থাকলে তবেই না সুন্দর মুখের সঙ্গে মানিয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলবে।





