মানসিক চাপ ও চুল পড়া, মুক্তি পেতে জেনে নিন কিছু কার্যকর উপায়

করোনা পরবর্তী এই সময়ে দৈনন্দিন জীবনে আপনজনদের নিয়ে দুশ্চিন্তা, নিজেদের ভবিষ্যৎ এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে উদ্বেগ— এসবই যেন নিত্যদিনের সঙ্গী। এর ওপর অনেককে একই সঙ্গে অফিসের কাজ ও ঘরের দায়িত্ব সামলাতে হচ্ছে, যার ফলস্বরূপ বাড়ছে মানসিক চাপ। আর এই মানসিক চাপের প্রথম এবং অন্যতম শিকার হচ্ছে আমাদের চুল। অতিরিক্ত চাপেই গোছা গোছা চুল পড়ছে। তাই চুল পড়া নিয়ন্ত্রণে আনতে চাইলে সবার আগে মনকে চাপমুক্ত রাখা অত্যন্ত জরুরি।
মানসিক চাপের কারণে চুল পড়ে কেন?
যখন মানসিক চাপ তৈরি হয়, তখন শরীরের প্রতিটি অঙ্গের উপর এর প্রভাব পড়ে। তবে, ফুসফুস, মস্তিষ্ক, কিডনির মতো অঙ্গগুলো যেমন শরীরের বেঁচে থাকার জন্য জরুরি, চুল কিন্তু ততটা নয়। তাই প্রচণ্ড মানসিক চাপ তৈরি হলে শরীরে উৎপাদিত বেশিরভাগ পুষ্টি গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে সঞ্চারিত হয়। এতে চুল ক্রমশ বিবর্ণ, নিষ্প্রাণ হয়ে পড়ে। তাছাড়া, প্রবল মানসিক চাপ মোকাবিলা করার জন্য শরীর কর্টিসল নামে একটি হরমোন বেশি বেশি করে তৈরি করতে শুরু করে, যার ফলে চুলের বৃদ্ধির জন্য জরুরি হরমোন ততটা তৈরি হয় না। এ কারণেই চুল পড়তে শুরু করে।
মুক্তি পেতে কী করবেন?
আপনি যদি মানসিক চাপের শিকার হয়ে থাকেন, তাহলে কিছু সহজ উপায় অবলম্বন করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন:
ইতিবাচক চিন্তা আনুন: আপনার চেয়েও খারাপ অবস্থায় থাকা মানুষদের কথা ভাবুন। মনে ইতিবাচক চিন্তা আনলে ধীরে ধীরে মন হালকা হবে এবং মানসিক চাপ কমবে।
প্রোটিন সমৃদ্ধ খাবার: আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় মসুর ডাল, মুরগি, মাছ বা ডিমের যেকোনো একটি রাখুন। ছোলা, ছাতুর মতো খাবারও খুব পুষ্টিকর এবং চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।
ভেজা চুল আঁচড়াবেন না: স্নানের পর চুল ভালো করে শুকিয়ে নিন, তারপর চিরুনি চালান। ভেজা চুল দুর্বল থাকে এবং আঁচড়ালে সহজেই ভেঙে যেতে পারে।
হেয়ার ড্রায়ার বাদ দিন: এখন যেহেতু বাইরে বের হওয়ার তেমন দরকার নেই, তাই তাড়াহুড়ো করে চুল শুকানোরও প্রয়োজন নেই। তোয়ালে দিয়ে চেপে চেপে ভেজা চুল মুছে নিন, তারপর স্বাভাবিক হাওয়ায় শুকাতে দিন। হেয়ার ড্রায়ারের তাপ চুলের ক্ষতি করে।
অয়েল মাসাজ: নারিকেল তেল বা আমলা তেল হালকা গরম করে চুলের গোড়ায় গোড়ায় ঘষে ঘষে মাখুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে এবং চুল পুষ্টি পাবে।
মেথির প্যাক: একমুঠো মেথি জলে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে বেটে নিন। স্নানের আধঘণ্টা আগে মাথায় আর চুলে ভালোভাবে মেখে নিন, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। মেথি চুলের পুষ্টি জোগায় এবং চুল পড়া কমায়।
ভিটামিন: ভিটামিন ই চুলের জন্য বেশ উপকারী। এটি চুলের গোড়া উজ্জীবিত করতে পারে। একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে ভেতরের তরল তেল বা হেয়ার প্যাকে মিশিয়ে মাথায় মাখুন। এতে চুল দ্রুত মজবুত আর ঝলমলে হয়ে উঠবে।