মাছ কিনতে গিয়ে ঠকবেন না! জেনে নিন টাটকা মাছ চেনার সহজ কৌশল

মাছ বাঙালির খাদ্য তালিকার এক অবিচ্ছেদ্য অংশ। তবে বাজারে গিয়ে ঠকেছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনেক সতর্কতা অবলম্বন করেও মাছ কিনে বাড়ি ফেরার পর অনেক সময় দেখা যায় মাছটি পচা অথবা বাসি। কিন্তু যদি জানা থাকে কয়েকটি সহজ কৌশল, তাহলে টাটকা মাছ চিনে নেওয়া যায় সহজেই এবং ঠকে যাওয়ার আশঙ্কাও কমে যায় অনেকখানি। তাই আজ জেনে নিন টাটকা মাছ চেনার কয়েকটি অব্যর্থ উপায়:
১) পিচ্ছিলতা পরীক্ষা: প্রথমে মাছটি হাতে নিন। যদি মাছটি আপনার হাত থেকে পিছলে যায়, তাহলে বুঝবেন মাছটি নিঃসন্দেহে টাটকা।
২) গন্ধ শুঁকে দেখুন: মাছটি নাকের কাছে নিয়ে ভালো করে গন্ধ শুঁকে নিন। যদি খুব তীব্র আঁশটে গন্ধ পান, তবে বুঝবেন মাছটি ভালো নয়। একদম টাটকা মাছের গায়ে সাধারণত সমুদ্র বা পুকুরের মিষ্টি জলের গন্ধ লেগে থাকে।
৩) চোখের দিকে নজর দিন: মাছের চোখের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। যদি মাছের চোখ ভেতরের দিকে বসে যাওয়া এবং ঘোলাটে হয়, তবে বুঝবেন সেটি পুরনো মাছ। টাটকা মাছের চোখ সর্বদা উজ্জ্বল ও স্বচ্ছ হয় এবং সামান্য ফোলা থাকে।
৪) ছোট মাছের পেট পরীক্ষা: ছোট মাছ কেনার সময় মাছের পেটটি সামান্য ফাঁক করে ভেতরের পটকাটি দেখুন। যদি পটকাটি লালচে এবং ভেজা ভেজা থাকে, তবে মাছটি টাটকা। শুকনো পটকা পুরনো মাছের লক্ষণ।
৫) পেটির দৃঢ়তা পরীক্ষা: মাছের পেটি কেনার সময় হালকা চাপ দিয়ে দেখুন মাছটি কাঁটা থেকে সহজে আলাদা হয়ে যাচ্ছে কি না। যদি অল্প চাপেই মাছ কাঁটা থেকে আলগা হয়ে যায়, তবে বুঝবেন মাছটি টাটকা নয়। টাটকা মাছের মাংস পেটির সাথে দৃঢ়ভাবে লেগে থাকে।
৬) গায়ের দাগ ও স্পঞ্জের মতো ভাব: মাছের গায়ে যদি বাদামি বা হলদেটে দাগ দেখতে পান অথবা স্পর্শ করলে স্পঞ্জের মতো নরম অনুভূত হয়, তবে সেই মাছ কিনবেন না। এটি মাছের পচন ধরার লক্ষণ।
৭) চিংড়ির মাথা পরীক্ষা: চিংড়ি মাছ কেনার সময় খেয়াল করুন হাতে নেওয়ার সময় এর মাথা সহজে ভেঙে যাচ্ছে কি না। যদি মাথা সহজেই ভেঙে যায়, তবে বুঝবেন চিংড়িটি পচন ধরতে শুরু করেছে।
আশা করা যায়, উপরে দেওয়া এই সহজ কৌশলগুলি অবলম্বন করে আপনি সহজেই টাটকা মাছ চিনতে পারবেন এবং মাছ কেনার সময় প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচতে পারবেন। এখন থেকে মাছ কেনার সময় এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন।