ভেজা চুলে ঘুমোনো মোটেও ভালো কথা নয়: সমীক্ষা

রাতে ঘুমাতে যাওয়ার আগে গোসল করা অনেকেরই অভ্যাস। বিশেষ করে কর্মজীবী মানুষরা দিনের বেলায় সময় না পাওয়ায় বা সকালে অন্যান্য ব্যস্ততার কারণে রাতের বেলায় নিরিবিলি গোসল সেরে নেন। রাতে গোসল করা কোনো সমস্যা নয়, তবে ভেজা চুল নিয়েই যদি আপনি ঘুমাতে যান, সমস্যা হবে তখনই। শুধু রাতেই নয়, দিনেও গোসলের পর ভালোভাবে চুল না শুকিয়েই অনেকে ঘুমিয়ে পড়েন, যার ফলেও হতে পারে সমস্যা।
এই অভ্যাসটি সরাসরিভাবে চুল ও মাথার ত্বকের ক্ষতির কারণ। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ভেজা চুলে ঘুমানোর ফলে চুল বেশ কয়েকভাবে ক্ষতিগ্রস্ত হয়:
চুলে জট পড়ে: শুকনো চুলের তুলনায় ভেজা চুলে জট বেশি বাঁধে। ভেজা চুল নিয়ে ঘুমানোর সময় বারবার স্থান পরিবর্তনের কারণে সহজেই চুলে জট তৈরি হয়।
চুল পড়ার সমস্যা বাড়ে: চুলে যত বেশি জট, চুল পড়ার ভয়ও ঠিক ততই বেশি থাকে। ভেজা চুলে ঘুমানোর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, যা চুল পড়ার হার বৃদ্ধি করে। ঘুম থেকে ওঠার পর ভেজা চুল আঁচড়ানোর সময় জটের কারণে স্বাভাবিকের তুলনায় অন্তত দ্বিগুণ বেশি চুল পড়ে।
চুলের কোমলতা নষ্ট হয়: ভেজা চুল বেঁধে ঘুমানো সম্ভব না হওয়ায় চুল ছেড়েই ঘুমাতে হয়। এর ফলে বালিশের কভারের সঙ্গে ঘষা লেগে চুল ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন এভাবে ভেজা চুলে ঘুমানোর পর খেয়াল করলে দেখা যাবে, চুল তার পূর্বের ও স্বাভাবিক কোমলতা হারিয়ে অনেকটাই রুক্ষ হয়ে গেছে।
ছত্রাক সংক্রমণের ভয়: ভেজা চুলে ঘুমালে ছত্রাকের সংক্রমণের ঝুঁকি থাকে। ভেজা ও আর্দ্রতাপূর্ণ পরিবেশ ছত্রাকের আক্রমণের আদর্শ স্থান। ভেজা চুল নিয়ে ঘুমানোর কারণে মাথার ত্বকে ছত্রাকের জন্ম হতে পারে, যা চুলের সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে খুশকির সমস্যাও দেখা দেয়।
চুলে দুর্গন্ধ হয়: যারা ভেজা চুলে ঘুমান, তাদের পাশে দাঁড়ালেই এক ধরনের দুর্গন্ধ টের পাওয়া যায়। ভেজা চুলে ঘুমালে সেখানে পানি, ঘাম ইত্যাদি জমে দুর্গন্ধের সৃষ্টি হয়।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে ভেজা চুল নিয়ে ঘুমানোর অভ্যাস পরিহার করা উচিত। গোসলের পর চুল ভালোভাবে শুকিয়ে তবেই ঘুমাতে যাওয়া বুদ্ধিমানের কাজ।