আজকাল আমরা এতটাই ভার্চুয়াল জগতে বুঁদ হয়ে থাকি যে, হাতের কাছে থাকা আপন মানুষগুলোর প্রতিও মনোযোগ দিতে ভুলে যাচ্ছি। পাশের বাড়ির প্রতিবেশী বা কর্মস্থলের সহকর্মীর চেয়েও যেন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেইসব মানুষ, যাদের সঙ্গে কেবলই অনলাইনে চ্যাট হয়। ঘণ্টার পর ঘণ্টা হয়তো অচেনা বন্ধুর সঙ্গে কথা বলছি, কিন্তু পাশে বসা সঙ্গীর দিকে একবার ফিরে তাকানোরও সময় নেই।
নিঃসন্দেহে পৃথিবী এগিয়েছে, কিন্তু সম্পর্কের উষ্ণতা যেন দিন দিন কমেই যাচ্ছে। সৃষ্টির শুরু থেকে আপনজনেরাই যে আমাদের প্রধান আশ্রয়, সেই সহজ সত্যটা আমরা ভুলতে বসেছি। তাই স্বাভাবিকভাবেই যত্নের অভাবে ভালোবাসার চারাগাছ অঙ্কুরেই শুকিয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে সম্ভাবনাময় সম্পর্কগুলো।
দিনের ব্যস্ততা শেষে রাতের নীরবতাটুকু অন্তত পরিবার-পরিজনের জন্য বরাদ্দ থাকার কথা। কিন্তু সেখানেও যদি উদাসীনতা বা অবহেলা বাসা বাঁধে, তবে সম্পর্ক আর সুন্দর থাকবে কী করে! আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস নীরবে সম্পর্কে ফাটল ধরাতে পারে, যা হয়তো আমরা প্রথমে বুঝতেই পারি না। কিন্তু একদিন হঠাৎ করে আবিষ্কার করি, ভালোবাসা আর ভালো থাকা থেকে আমরা বহু দূরে সরে এসেছি। তখন হয়তো আর ফিরে আসার পথ খোলা থাকে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এই কাজগুলো করে থাকেন, তবে আজই সাবধান হোন। কারণ এই অভ্যাসগুলোই ধীরে ধীরে আপনার সম্পর্কের ভিত নড়িয়ে দিতে যথেষ্ট:
দুজনের জন্য নির্দিষ্ট সময়ের অভাব:
সারাদিন দু’জন দু’প্রান্তে থাকার পর যখন বাড়ি ফেরেন, স্বাভাবিকভাবেই মনে হওয়া উচিত যে কিছুটা সময় একসঙ্গে কাটানো যাক। কিন্তু যদি একে অপরের সঙ্গ এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, তবে তা স্বাভাবিক নয়। একটি সম্পর্ককে সুন্দর করে তোলার দায়িত্ব দু’জনেরই। শুধু ভরণপোষণ বা রান্না করাই শেষ কথা নয়, ভালোবাসার স্পর্শ ও মনোযোগও সমান জরুরি। রাতে খাবারের টেবিলে মন খুলে কথা বলুন, সারাদিনের ছোটখাটো ঘটনাগুলি ভাগ করে নিন। শেয়ারিংয়ের মাধ্যমেই কেয়ারিং জন্ম নেয়।
শারীরিক আকর্ষণের অভাব:
ভালোবাসার বন্ধনকে আরও মজবুত করে পারস্পরিক শারীরিক আকর্ষণ। যদি দু’জনের মধ্যে সেই টান অনুভব না হয়, তবে তা একটি চিন্তার বিষয়। মাঝে মাঝে এমন হতেই পারে, তবে দিনের পর দিন এমন চলতে থাকলে তা শারীরিক বা মানসিক সমস্যার ইঙ্গিত দেয়। এমন সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং এর কারণ খুঁজে বের করে সমাধানের চেষ্টা করুন। উপেক্ষা করলে এই ধরনের সম্পর্ক ভেঙে যেতে বাধ্য।
ঝগড়া ফেলে রাখা:
সম্পর্ক মানেই ছোটখাটো ঝগড়া বা মনোমালিন্য থাকবে। তবে ঝগড়া করার পাশাপাশি তা মিটিয়ে ফেলাও জরুরি। ফেলে রাখা রাগ বা অভিমান ধীরে ধীরে তিক্ততা বাড়ায় এবং সম্পর্কের ক্ষতি করে। ঘুমের আগে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়, তবে তা মিটিয়ে তবেই ঘুমাতে যান। অভিযোগ থাকলে শান্তভাবে আলোচনা করুন এবং সমাধান খুঁজে বের করুন। এতে সম্পর্কের বাঁধন আরও মজবুত হবে।
ঘুমের আগে ফোন ব্যবহার:
ভার্চুয়াল জগতের বন্ধুদের জন্য কাছের মানুষকে দূরে ঠেলার কোনো মানে নেই। এর সবচেয়ে খারাপ প্রভাব পড়ে দাম্পত্য জীবনে। ঘুমের আগে সঙ্গীর দিকে মনোযোগ না দিয়ে যদি ঘণ্টার পর ঘণ্টা ফোনে স্ক্রোল করতে থাকেন, তবে একটি সুন্দর সম্পর্কের আশা করা বৃথা। এটি শুধু সম্পর্কেই ফাটল ধরায় না, ফোন থেকে নির্গত রেডিয়েশন আপনার শরীরেরও ক্ষতি করে। ঘুমের আগে ফোনের বদলে ভালো কোনো বই পড়ুন অথবা সঙ্গীর সঙ্গে গল্প করে সময় কাটান।
আসুন, ভার্চুয়াল জগত থেকে কিছুটা সময় বের করে পাশে থাকা মানুষটির প্রতি আরও একটু যত্নশীল হই। ছোট ছোট মনোযোগ আর ভালোবাসাই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর করে তোলে।