ভার্চুয়াল জগৎ থেকে সরাসরি কণ্ঠ, একটি ফোন কলেই বদলে যায় সম্পর্কের রসায়ন

সামাজিক মাধ্যমে পরিচয় এখন জলভাত। পরিচয়ের সূত্র ধরে মেসেজিং, ফোন নম্বর আদান-প্রদান সবই চলছিল বেশ স্বাভাবিক ভাবেই। কিন্তু হঠাৎ একদিন অপ্রত্যাশিত ফোন! এতদিন ধরে ভার্চুয়াল মাধ্যমে কথার যে বন্যা বইত, সরাসরি কণ্ঠ শুনে যেন দুজনেই কিছুক্ষণের জন্য ভাষা হারালেন!
রাতের পর রাত জেগে অসংখ্য মেসেজেও যা বোঝানো যায়নি, একটি ছোট্ট ফোন কলেই যেন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হল। উল্টো প্রান্ত থেকে ভেসে আসা একটি “আই লাভ ইউ” মুহূর্তে বদলে দিল সম্পর্কের চেনা রসায়ন। সেই সঙ্গে বাড়ল উষ্ণতা, মনের গভীরেও এলো এক নতুন পরিবর্তন, যা অস্বীকার করার উপায় নেই।
শুধু তাই নয়, যেখানে মেসেজে সবকিছু লিখে বোঝানো যায় না, বা অনেক সময় বেশি কথাতেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সেখানে একটি ছোট্ট ফোন কল সহজেই সব সমস্যার সমাধান করে দিতে পারে।
কেন ফোন করবেন?
ধরুন, আপনি কর্মসূত্রে বহু দূরে থাকেন। বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় কালেভদ্রে। আর যখন দেখা হয়, তখন যেন কথার আর শেষ হতে চায় না। সোশ্যাল মিডিয়া দূরত্ব কমিয়েছে ঠিকই, কিন্তু আজকাল দীর্ঘ মেসেজ টাইপ করে গল্প করার সময় কারও নেই। তাই বন্ধুদের সঙ্গে সময় নির্দিষ্ট করে ফোন করুন। এতে মন যেমন প্রফুল্ল থাকবে, তেমনই বাঁচবে অনেকটা সময়ও।
ভুল বোঝার সুযোগ কমে যায়:
দিনের শেষে ক্লান্ত শরীরে অনেকেই আর ফোনের দিকে তেমন নজর দেন না। ফলে মেসেজ এলেও অনেক সময় উত্তর দেওয়া হয় না। ওদিকে যিনি মেসেজ পাঠিয়েছেন, তিনি হয়তো ভাবছেন তাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এই কারণে তৈরি হয় অহেতুক ভুল বোঝাবুঝি। এর থেকে একটি ফোন কল অনেক বেশি নিরাপদ। সরাসরি কথা বলার সুযোগ থাকায় ভুল বোঝার কোনও অবকাশ থাকে না।
কাজে আনে নতুন এনার্জি:
বহুদিন পর প্রিয় বন্ধুর সঙ্গে প্রাণ খুলে কথা বললে কাজেও নতুন উদ্দীপনা আসে। একটু হাসি-ঠাট্টা করলে মন এমনিতেই ভালো হয়ে যায়। মনের মধ্যে জমে থাকা কথা কাউকে বলতে পারার শান্তি অন্য কিছুতে নেই। এর ফলে নতুন উদ্যোমে কাজ শুরু করা যায়।
সম্পর্ক থাকে অটুট:
মাঝেমধ্যে একটি ফোন কল সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে তোলে। দূরে থাকা প্রেমিক-প্রেমিকারা যতই দিনভর টেক্সটের ওপর ভরসা রাখুক না কেন, সপ্তাহান্তে একটি ফোন কল নিমেষে ভুলিয়ে দেয় অনেক দূরত্ব। প্রিয় মানুষের কণ্ঠস্বর মানসিক শান্তি এনে দেয়। ব্যস্ততার অজুহাতে আজকাল অনেকেই সরাসরি যোগাযোগের সুযোগ পান না। সেক্ষেত্রে একটি ফোন কলই সবকিছু বদলে দিতে পারে এবং মানুষের সঙ্গে সম্পর্ক আরও ভালো হয়।
বাড়ে পজিটিভিটি:
সোশ্যাল মিডিয়া বা টেক্সট মেসেজে অনেকেই দায়সারাভাবে বিভিন্ন শুভেচ্ছা জানান। নববর্ষ বা জন্মদিনের বার্তা এখন ভার্চুয়ালিই আসে। ধরুন, কারও খুশির খবরে আপনি শুধু একটি মেসেজ না পাঠিয়ে সরাসরি ফোন করে অভিনন্দন জানালেন। পরে সেই ব্যক্তির প্রতিক্রিয়া লক্ষ্য করে দেখুন। তিনি অবশ্যই অনেক বেশি খুশি হবেন। একটি আন্তরিক ফোন কল সম্পর্কের মধ্যে উষ্ণতা এবং ইতিবাচকতা বৃদ্ধি করে।