ব্রণ, ত্বকের প্রধান শত্রু! ভুলগুলো এড়িয়ে চললে মিলবে মুক্তি

ব্রণ – ত্বকের এক নম্বর শত্রু, যা আপনার সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাসও কেড়ে নিতে পারে। ছোট একটি দানার মতো জন্ম নিয়ে পুঁজ জমে বড় আকার ধারণ করে এটি। অ্যাকনে বা পিম্পল নামে পরিচিত এই সমস্যাটি কেবল বয়ঃসন্ধিতেই নয়, বরং যেকোনো বয়সেই ত্বকে দেখা দিতে পারে। হরমোনাল পরিবর্তন, অতিরিক্ত তৈলাক্ত ত্বক, জিনগত কারণ, ইনফেকশন—নানা কারণে ব্রণের সমস্যা হতে পারে। কিন্তু ব্রণ হলে আমরা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি, যা সমস্যা না কমিয়ে বরং বাড়িয়ে তোলে।

ব্রণ হলে যে ভুলগুলো একেবারেই করা যাবে না:
১. ব্রণ গেলে দেওয়া:
এই অভ্যাসটি আমাদের অনেকেরই আছে। মুখে ব্রণ দেখা গেলেই তা গেলে না দেওয়া পর্যন্ত যেন স্বস্তি পাওয়া যায় না! এই স্বভাবের কারণে আরও বেশি সমস্যায় পড়তে হয়। ব্রণ টিপে দিলে বা গেলে দিলে তা ব্রণের পরিমাণ আরও বাড়িয়ে তোলে। সেইসঙ্গে নখ দিয়ে খোঁটাখুঁটির কারণে ইনফেকশন হতে পারে, যা ব্রণের দাগ স্থায়ী করে দেয়। তাই ব্রণ হলে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তাতে হাত দেবেন না।

২. ব্রণ খোঁটাখুঁটি:
ব্রণ খোঁটাখুঁটি করার বদ অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। ব্রণ গেলে দেওয়ার মতোই এটিও ক্ষতিকর অভ্যাস। বিশেষজ্ঞরা এই কাজ করতে একেবারেই নিষেধ করেন। ব্রণ হলেও তা খোঁটাখুঁটি করা চলবে না। এই অভ্যাস সমস্যা আরও বাড়িয়ে তোলে, তাতে ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না।

৩. বারবার মুখ পরিষ্কার করা:
অনেকে মনে করেন, বারবার মুখ পরিষ্কার করলেই বুঝি ত্বক বেশি ভালো থাকে! এটি আসলে ঠিক নয়। কারণ বারবার মুখ ধোওয়ার কারণে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। শুধু জল দিয়ে পরিষ্কার করলে ত্বক কম ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বেশিরভাগই সাবান বা ফেসওয়াশ দিয়ে বারবার মুখ পরিষ্কার করে থাকেন। এটি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে, যা উল্টো ব্রণের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। দিনে দুইবারের বেশি ফেসওয়াশ ব্যবহার না করাই ভালো।

৪. সঠিক ফেসওয়াশ ব্যবহার না করা:
অনেকে ত্বক ভালো রাখতে ফেসওয়াশ ব্যবহার করেন। কিন্তু সেটি আসলেই ত্বকের জন্য উপযুক্ত কি না, তা জানেন না। মুখ পরিষ্কার রাখতে আপনি যে ফেসওয়াশ ব্যবহার করছেন, সেটি আপনার ত্বকের জন্য মানানসই কি না, তা জেনে নিন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করুন। স্যালিসিলিক অ্যাসিড বা বেনজয়েল পারক্সাইড যুক্ত ফেসওয়াশ তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য উপকারী হতে পারে।

৫. ক্ষতিকর ক্রিম ব্যবহার করা:
ত্বকের যত্নে আমরা যে ক্রিম ব্যবহার করি, সেটি কি আসলেই ত্বকের যত্ন নেয়? অনেকেই বিজ্ঞাপন দেখে প্রলোভিত হয়ে ভুলভাল ক্রিম কিনে এনে ব্যবহার করেন। কিন্তু সেসব ক্রিম ব্রণ কমাতে সাহায্য করে না। এতে সমস্যা আরও বাড়তে পারে, এমনকি ত্বকে নতুন সমস্যাও তৈরি হতে পারে। তাই ক্রিম ব্যবহারের আগে সেটি আপনার ত্বকের জন্য উপযুক্ত কি না, তার উপাদানগুলো কী কী এবং পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, সে বিষয়ে খোঁজ নিয়ে জেনে নিন। প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

এই ভুলগুলো এড়িয়ে চললে ব্রণের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং ত্বক থাকবে সুস্থ ও সুন্দর।