বিপদ ডেকে আনে প্রস্রাব চেপে রাখার অভ্যাস! জেনে নিন ভয়াবহ পরিণতি

প্রস্রাব আমাদের শরীরের সুস্থতার অন্যতম সূচক। এর মাধ্যমেই শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায়। তবে অনেকেই কাজের চাপে বা অন্য কোনো কারণে প্রস্রাব চেপে রাখার অভ্যাস করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্য সমস্যা। ১০-১৫ মিনিট প্রস্রাব আটকে রাখলে হয়তো তেমন অসুবিধা হয় না, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এই অভ্যাস বজায় রাখলে শরীরে বড় ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এই অভ্যাস আজই ত্যাগ করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবের বেগ অনুভব করার সঙ্গে সঙ্গেই মূত্রত্যাগ করা উচিত। জল পান করার পর শরীরের প্রয়োজনীয় অংশ ব্যবহার হওয়ার পর অতিরিক্ত জল কিডনিতে জমা হয়। এরপর অন্যান্য ক্ষতিকর উপাদানের সঙ্গে মিশে তা ব্লাডারে এসে জমা হয়। ব্লাডার যখন জলে পূর্ণ হয়ে যায়, তখনই মস্তিষ্ক প্রস্রাবের সংকেত দেয়। এই সংকেত পাওয়ার পরই মূত্রত্যাগ করা জরুরি। জেনে নিন প্রস্রাব চেপে রাখলে কী কী ক্ষতি হতে পারে:
কিডনি থেকে নির্গত হওয়ার পর মূত্র ব্লাডারে জমা হয়। আমাদের ব্লাডার সাধারণত ৪০০-৫০০ মিলিমিটার অর্থাৎ প্রায় দুই কাপ মূত্র ধারণ করতে পারে। এর বেশি মূত্র জমা হলেই ব্লাডারের উপর চাপ সৃষ্টি হয়।
এই পরিমাণ মূত্র ব্লাডারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তা খালি করে দেওয়া উচিত। যদিও এক-দুদিন এমন অনিয়ম হলে তেমন সমস্যা হয় না, তবে দিনের পর দিন এমন চলতে থাকলে ব্লাডারের উপর মারাত্মক চাপ পড়ে এবং ব্লাডারের বিভিন্ন রোগ দেখা দিতে পারে।
যারা নিয়মিতভাবে প্রস্রাব চেপে রাখেন, তাদের ব্লাডারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। একটা সময়ের পর ব্লাডার তার স্বাভাবিক কার্যকারিতা হারাতে শুরু করে। তখন প্রস্রাব ধরে রাখলে তলপেটে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। তাই এই ক্ষতিকর অভ্যাস থেকে দ্রুত মুক্তি পাওয়া উচিত।
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) একটি অত্যন্ত জটিল সংক্রমণ। দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার কারণে অনেকেই এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। প্রস্রাব আটকে রাখলে জীবাণুরা শরীরে দীর্ঘ সময় ধরে থাকার সুযোগ পায়, ফলে নানা ধরনের সংক্রমণ দেখা দেয়। এর ফলে প্রস্রাবের সময় জ্বালা, প্রস্রাবের রঙের পরিবর্তন, তলপেটে ব্যথা এবং প্রস্রাবে দুর্গন্ধের মতো সমস্যা দেখা দিতে পারে।
দিনে কতবার প্রস্রাব করা স্বাভাবিক, তা ব্যক্তির শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তাই সকলের শরীরে প্রস্রাবের পরিমাণ সমান হয় না। তবে সাধারণভাবে দিনে ৪-১০ বার প্রস্রাব করা স্বাভাবিক বলে ধরা হয়। এর মধ্যে ৬-৮ বার হল গড়। সুস্থ থাকতে প্রস্রাবের বেগ পেলে দ্রুত টয়লেটে যাওয়া উচিত। অন্যথায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।