বাড়ির পাশের ডুমুরই হতে পারে সুস্বাস্থ্যের চাবিকাঠি! জানুন এর পুষ্টিগুণ ও খাওয়ার সঠিক নিয়ম

বাংলার প্রকৃতিতে নানান প্রকার ফলের সমাহার দেখা যায়। এর মধ্যে অনেক ফলই আমাদের বাড়ির আশেপাশে অযত্নে বেড়ে ওঠে, তেমনই একটি ফল হল ডুমুর। আম, জাম, কাঁঠালের মতো পরিচিত না হলেও, ডুমুর কিন্তু বেশ কিছু অসাধারণ গুণে ভরপুর। কারও কারও জন্য এই ফল সুস্বাস্থ্যের চাবিকাঠিও হতে পারে। তবে এই ফলটি খাওয়ার কিছু বিশেষ নিয়ম রয়েছে, যা মেনে চললে এর উপকারিতা আরও বেশি পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক ডুমুরের পুষ্টিগুণ এবং কীভাবে খেলে আপনি বেশি লাভবান হবেন।

১. আয়রনের ভাণ্ডার: একটি নির্দিষ্ট বয়সের পর অনেক মহিলাই আয়রনের অভাবজনিত সমস্যায় ভোগেন। ক্লান্তি, দুর্বলতা এবং হিমোগ্লোবিন কমে যাওয়ার মতো সমস্যাগুলি দেখা যায়। ডুমুর ফল এক্ষেত্রে একটি প্রাকৃতিক আয়রন সাপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। শুধু মহিলারাই নন, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও এই ফলের উপর ভরসা রাখতে পারেন।

২. হাড়ের স্বাস্থ্য রক্ষাকারী: ডুমুর ফল শুধু আয়রনেই সমৃদ্ধ নয়, এটি ক্যালসিয়ামেরও একটি চমৎকার উৎস। বয়স বাড়ার সাথে সাথে অনেকের হাড় দুর্বল হয়ে যায়, যার ফলে অস্টিওআর্থ্রাইটিসসহ বিভিন্ন রোগ দেখা দিতে শুরু করে। ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায়, নিয়মিত এই ফল খেলে বৃদ্ধ বয়সেও হাড় মজবুত থাকে।

৩. রক্তে সুগার নিয়ন্ত্রণে সহায়ক: ডুমুর ফল রক্তের সুগার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে উপস্থিত অ্যাবসেসিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও ক্লোরোজেনিক অ্যাসিড রক্তের সুগারের মাত্রা দ্রুত বাড়তে বাধা দেয়। এছাড়াও, ডুমুরে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি ইনসুলিনকে সক্রিয় করে তোলে, যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৪. হজমশক্তি বৃদ্ধিতে উপকারী: দুর্বল হজমশক্তির কারণে যারা পছন্দের খাবার থেকে বঞ্চিত হন, তাদের জন্য ডুমুর ফল আশীর্বাদস্বরূপ। ডুমুরের ফাইবার অন্ত্রের বাওয়েল মুভমেন্টকে উন্নত করে, যার ফলে বদহজম, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির মতো সমস্যা কমে যায় এবং হজমশক্তি বৃদ্ধি পায়।

৫. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে: বর্তমানে ঘরে ঘরে হৃদরোগের প্রকোপ বাড়ছে, যার অন্যতম প্রধান কারণ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ। ডুমুর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

কীভাবে খাবেন ডুমুর?

ডুমুর শুকনো খাওয়ার চেয়ে ভিজিয়ে খাওয়া বেশি উপকারী। প্রতিদিন রাতে কয়েকটি ডুমুর জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে এই ভেজানো ডুমুর খান। অনেকেই সকালে খালি পেটে লেবু জল খান, তেমনই ডুমুর খাওয়ার অভ্যাসও করতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা। কোনো স্বাস্থ্য বিষয়ক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।