বাড়িতে গ্যাস লিকেজ: যে লক্ষণগুলো দেখে বুঝবেন এবং জরুরি পদক্ষেপ

দৈনন্দিন জীবনে প্রাকৃতিক গ্যাস আমাদের অনেক চাহিদা মেটালেও, এর সঠিক নিয়ন্ত্রণ না থাকলে তা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। বাড়িতে গ্যাস লিকেজ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। আগে থেকে সতর্ক হলে এবং কিছু সাবধানতা মেনে চললে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। জেনে নিন, গ্যাস লিকেজের প্রধান লক্ষণগুলো কী কী এবং এমন পরিস্থিতিতে আপনার করণীয় কী।

গ্যাস লিকেজের প্রধান লক্ষণসমূহ
১. অস্বাভাবিক গন্ধ: প্রাকৃতিক গ্যাস মূলত গন্ধহীন। তবে, সুরক্ষার স্বার্থে এর সঙ্গে মার্কেপ্টেন নামক একপ্রকার গন্ধযুক্ত পদার্থ যোগ করা হয়। এর ফলে কোথাও গ্যাস লিকেজ হলে একটি তীব্র, পচা ডিমের মতো বা সালফারের মতো গন্ধ নাকে আসে। এই গন্ধই গ্যাস লিকেজের অন্যতম প্রধান এবং সহজে শনাক্তযোগ্য লক্ষণ।

২. হিস হিস শব্দ: বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে বা পাইপের মধ্যে গ্যাস উচ্চচাপে আবদ্ধ থাকে। গ্যাস লিকেজ হলে পাইপ বা সিলিন্ডারের ছিদ্র দিয়ে উচ্চ চাপের গ্যাস বের হয়ে আসে। এই সময় একটি তীক্ষ্ণ ‘হিস হিস’ শব্দ শোনা যায়। এমন শব্দ শুনতে পেলে দ্রুত সতর্ক হোন।

৩. শারীরিক উপসর্গ: গ্যাস লিকেজের ফলে ঘরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণে শরীরে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে। এর মধ্যে মাথা ঘোরা, বমি বমি ভাব, মাথাব্যথা এবং শ্বাসকষ্ট অন্যতম। যদি ঘরের মধ্যে থাকাকালীন এমন লক্ষণগুলো অনুভব করেন, তবে গ্যাস লিকেজের সম্ভাবনা উড়িয়ে দেবেন না।

গ্যাস লিকেজ শনাক্ত হলে দ্রুত যা করবেন
যদি আপনার বাড়িতে গ্যাস লিকেজ শনাক্ত হয়, তবে আতঙ্কিত না হয়ে দ্রুত নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করুন:

ঘর থেকে বের হয়ে যান: দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ ও ফাঁকা জায়গায় আশ্রয় নিন। পরিবারের অন্য সদস্যদেরও বেরিয়ে আসতে সাহায্য করুন।

বৈদ্যুতিক সুইচ বা যন্ত্র স্পর্শ করবেন না: আবদ্ধ ঘরে গ্যাস লিকেজ হলে জমে থাকা গ্যাস একটি ছোট্ট আগুনের ফুলকি বা শিখা থেকেও মারাত্মক অগ্নিকাণ্ডে রূপ নিতে পারে। তাই লিকেজ শনাক্ত হলে কোনোভাবেই ঘরের কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু করবেন না বা সুইচ চাপবেন না। দেশলাই বা লাইটার দিয়ে কিছু জ্বালানোর চেষ্টা করবেন না।

ঘরের দরজা-জানালা খুলে দিন: আবদ্ধ ঘরে জমে থাকা গ্যাস দুর্ঘটনার অন্যতম কারণ। সবার আগে ঘরের দরজা ও জানালা খুলে দিন, যাতে বাইরের বাতাস প্রবেশ করে জমে থাকা গ্যাস বেরিয়ে যেতে পারে।

গ্যাসের মূল সরবরাহ বন্ধ করুন: সিলিন্ডার বা পাইপলাইন থেকে গ্যাস লিকেজ শনাক্ত হলে দ্রুত সিলিন্ডারের রেগুলেটর বা পাইপলাইনের গ্যাসের মূল সরবরাহ বন্ধ করুন।

ফায়ার সার্ভিসকে খবর দিন: গ্যাস লিকেজ শনাক্ত হলে দেরি না করে দ্রুত নিকটস্থ ফায়ার সার্ভিস বাহিনীকে (ভারতের ক্ষেত্রে 101) খবর দিন। এতে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব হবে।

সুরক্ষামূলক সরঞ্জাম: সম্ভব হলে বাড়িতে কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্র লাগান। গ্যাসের প্রধান সরবরাহ লাইন বন্ধ করার সুইচ হাতের নাগালে রাখুন। একই সঙ্গে ঘরে একটি অগ্নিনির্বাপণ যন্ত্র রাখুন।

এই সাবধানতাগুলো মেনে চললে আপনি এবং আপনার পরিবার বড় ধরনের দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকতে পারবেন।