বর্ষায় শ্যাম্পু ছাড়াই চুল হবে ঝরঝরে! এই সহজ টোটকায় নিমিষেই দূর করুন তৈলাক্ত ভাব

বর্ষাকাল মানেই মনোরম আবহাওয়া, কিন্তু সঙ্গে নিয়ে আসে আর্দ্রতা ও ঘামের উপদ্রব। এই আবহাওয়ায় চুল দ্রুত তৈলাক্ত, আঠালো ও প্রাণহীন হয়ে পড়ে। বিশেষ করে প্রতিদিন চুল ধোয়া সম্ভব না হলে কিংবা হুট করে কোথাও বের হওয়ার সময় যদি চুল চিটচিটে হয়ে থাকে, তবে বেশ বিপাকে পড়তে হয়। তবে শ্যাম্পু ছাড়াই কীভাবে চুলকে সতেজ ও ঝরঝরে রাখা যায়, তার কিছু সহজ উপায় জেনে নেওয়া যাক।
জল ও শ্যাম্পু ছাড়া চুল থেকে তেল ও ময়লা সম্পূর্ণ দূর করা অসম্ভব। এমনকি ড্রাই শ্যাম্পুও কেবল তেল শুষে নিতে পারে, চুল পুরোপুরি পরিষ্কার করে না। তবে কিছু জরুরি কৌশল মেনে চললে সাময়িকভাবে চুলের চিটচিটে ভাব দূর করা সম্ভব:
চুল ভালোভাবে শুকিয়ে নিন: বর্ষার দিনে ভেজা চুল বেঁধে রাখা সবচেয়ে বড় ভুল। চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে আলতো করে চেপে জল শুকিয়ে নিন এবং প্রাকৃতিকভাবে বাতাসে শুকাতে দিন। এতে চুল ঘন ও ভলিউম-যুক্ত দেখাবে।
শুধু জল দিয়ে স্ক্যাল্প ধুয়ে নিন: যদি শ্যাম্পু করার সময় না থাকে, তবে শুধু পরিষ্কার জল দিয়ে মাথার ত্বক বা স্ক্যাল্প ভালোভাবে ধুয়ে নিতে পারেন। আঙুলের ডগা দিয়ে আলতোভাবে মাসাজ করে ধুয়ে নিলে সাময়িক সতেজ ভাব আসবে।
ড্রাই শ্যাম্পুর সাহায্য নিন: বৃষ্টির দিনে ড্রাই শ্যাম্পু চমৎকার কাজ করে। চুলের বেশি তৈলাক্ত অংশে সামান্য ড্রাই শ্যাম্পু লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে চুল আঁচড়ে নিন।
বারেবারে চুলে হাত দেওয়া থেকে বিরত থাকুন: বারবার চুলে হাত দিলে হাতের তেল ও ময়লা চুলের গোড়ায় লেগে যায়। ফলে চুল আরও বেশি চটচটে মনে হয়। তাই বৃষ্টির মরশুমে চুল বারবার না ছুঁয়ে সাধারণ কোনো হেয়ারস্টাইল বেছে নিন।
স্ক্যাল্পে কন্ডিশনার নয়: চুল আগে থেকেই তৈলাক্ত হলে মাথার ত্বকে কন্ডিশনার লাগানো এড়িয়ে চলুন। চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত কন্ডিশনার ব্যবহার করাই শ্রেয়।
জরুরি টিপস: হুট করে কোথাও বের হতে হলে মাথার ত্বক সতেজ করে চুলগুলো নিচু করে খোঁপা (low bun) বা পনিটেল করে বেঁধে নিতে পারেন। এতে তৈলাক্ত গোড়াগুলো কম চোখে পড়বে এবং আপনাকে বারবার চুলে হাতও দিতে হবে না।